ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের পুর্ব উপকূলের প্রায় সবাই যখন ঘুমে, নিউ হাম্পশায়ারের উত্তরাঞ্চলের ছোট দুটি গ্রামে শুরু হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, ঘড়ির কাটা সোমবার রাত ১২টা পেরোতেই ভোট দেওয়া শুরু করেছেন ডিক্সভাইল নচ ও হার্টস লোকেশনের ভোটাররা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ভোট দেওয়ার এই গৌরব তার উপভোগ করছেন ১৯৪৮ সাল থেকেই।
ডিক্সভাইল নচে ভোটার সংখ্যা ১০ জন, হার্টস লোকেশনে আছে ৩৭ ভোটার।
ডিক্সভাইল নচে ভোট শুরুর ৪৩ সেকেন্ডের মধ্যে ১০টি ভোট পড়ে যায়, যা সমান ভাগাভাগি করে নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিদ্বন্দ্বী মিট রমনি।
আর হার্টস লোকেশনে ওবামা পেয়েছেন ২৩ ভোট ও রমনি পেয়েছেন ৯ ভোট। লিবারটেরিয়ান গ্যারি জনসন পেয়েছেন ১ ভোট। প্রথম ৫ মিনিট ৪২ সেকেন্ডের মধ্যেই এই ৩৩টি ভোট পড়ে।
নিউ হ্যাম্পশায়ারের ৪টি ইলেকটোরাল ভোটের জন্য মরিয়া হয়ে লড়ছেন ওবামা আর রমনির মধ্যে। দোদুল্যমান এই রাজ্যের বাকি এলাকায় ভোট শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায়। কিছু কিছু অংশে আবার ভোর ছয়টাতেও ভোটকেন্দ্র খুলবে। আর এ রাজ্যের বেশিরভাগ এলাকায় ভোট শেষ হবে সন্ধা ৭টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৮ ঘ.
bdnews24