২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডিতে বাস্তুচ্যুতরা ভোট দিতে পারবেন যে কোনো কেন্দ্রে

স্যান্ডিতে উদ্বাস্তু হওয়া বা নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে যাওয়া ভোটারদের জন্য রাজ্যের যে কোনো কেন্দ্রে ভোট দেয়ার ব্যবস্থা করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রে আঘাতহানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির ছোবলে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়া বা নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে যাওয়া ভোটারদের ভোট দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নিউ ইয়র্ক রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যেটির যে কোনো ভোটকেন্দ্রে দুর্গত এসব মানুষ নিজেদের ভোট দিতে পারবে। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে) এ ঘোষণা দেন নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। ঘোষণায় কুমো বলেন, নিউ ইয়র্ক রাজ্যের সব নাগরিক কাগজের ব্যালট (এফিডেভিট ব্যালট হিসেবে পরিচিত) ব্যবহার করে রাজ্যের যে কোনো ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। ভোটগুলো ভোটারদের নিজ নিজ এলাকার ভোট হিসেবে গণ্য করা হবে। নিউ ইয়র্ক অভিবাসী জোট, নির্বাচন রক্ষা জোট, কমন কজ/নিউ ইয়র্ক ও অন্যান্য আরো ত্রিশটি গোষ্ঠী শনিবার স্যান্ডি পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নিউ ইয়র্ক রাজ্য গভর্নরের কাছে এ দাবি জানিয়েছিল। নির্বাহী এই আদেশটি জরুরি ভিত্তিতে রাজ্যের সব ভোট কেন্দ্রে জানানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সব নির্বাচনী কর্মকর্তাকে অতিরিক্ত এফিডেভিট ব্যালট পেপার সরবরাহ করা এবং এসব ভোট ভোটারদের নিজ নিজ এলাকায় পৌঁছানোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশও দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রাতিনিধি/এবি/এসইউ/১১০১ ঘ.