ইসলামাবাদ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক সঙ্কটের আবর্তে থাকা পাকিস্তানে বিচার বিভাগ সতর্ক করে দেয়ার পর পাল্টা বিচারকদের হুঁশিয়ার করেছেন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি।
সোমবার তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ও জনগণকে পরস্পরবিরোধী অবস্থানে দেয়ার চেষ্টা দেশেরই স্বার্থহানি ঘটাবে।
বিচারকদের কথা সরাসরি বলা না হলেও সেনাপ্রধানের এই বক্তব্য যে সে দেশের সুপ্রিম কোর্টের গত মাসের আদেশের প্রতিক্রিয়া, তা স্পষ্ট।
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরী গত মাসে এক আদেশে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করতে বলেছিলেন।
এর মধ্য দিয়ে জন্মের পর থেকে ৬৫ বছর সামরিক শাসনের অধীনে থাকা পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ইফতেখার।
এরপর সেনাপ্রধানের বিবৃতি স্পষ্টতই বিচার বিভাগের প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জেনারেল কায়ানি বিবৃতিতে বলেন, “যে কোনো প্রচেষ্টা, যা সচেতভাবেই হোক কিংবা অসচেতনভাবেই হোক, সামরিক বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরি করে, তা পাকিস্তানের বৃহত্তর স্বার্থের জন্য হুমকি।”
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, এতে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রতিই ইঙ্গিত করেছেন সেনাপ্রধান।
পাকিস্তানের সংবাদপত্র ডন জানায়, রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে বিচার বিভাগের প্রতি হুঁশিয়ারি দেন জেনারেল কায়ানি।
ওই বক্তব্য নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এই ধরনের বিজ্ঞপ্তি সচরাচর দেখা যায় না।
কায়ানি বলেন, “কোনটি দেশের স্বার্থের জন্য ক্ষতিকর, তা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এককভাবে সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়।”
পাকিস্তানে বিচার বিভাগের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব যেমন এখন প্রকট। বর্তমান প্রধান বিচারপতি ইফতেখারকে একব সময় বরখাস্ত করেছিলেন সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ।
তবে এরপর দেশব্যাপী গণআন্দোলনের মধ্যে পাকিস্তানে ক্ষমতার পালাবদল ঘটে, আসে নির্বাচিত সরকার। বর্তমানে বিচার বিভাগের সঙ্গে সরকারেরও দ্বন্দ্ব চলছে, যার কারণে সাজাপ্রাপ্ত হয়ে পদত্যাগ করতে হয় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে।
তবে বর্তমানে দ্বন্দ্ব থাকলেও নির্বাচিত সরকার উৎখাত করে গণতন্ত্র হরণের ক্ষেত্রে সেনাবাহিনীর সহায়ক ভূমিকায়ও পাকিস্তানের বিচার বিভাগকে অতীতে দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০০১৩ ঘ.
bdnews24