২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আত্মঘাতী বোমায় নিহত ৫০

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সোমবার নিরাপত্তা বাহিনীর অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

বৈরুত, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সোমবার নিরাপত্তা বাহিনীর অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর ওপর এ আরেক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা। সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে বলা হয়েছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী হামা প্রদেশের সাল আল-ঘাব পল্লী উন্নয়ন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। তবে এতে নিহতের সংখ্যা মাত্র ২ জন বলে জানানো হয়েছে টিভি প্রতিবেদনে। কিন্তু ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর প্রধান রমি আব্দুলরহমান বলেন, “নুসরা ফ্রন্টের এক যোদ্ধা বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। সে গাড়ি চালিয়ে পল্লী উন্নয়ন কেন্দ্রে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় অন্তত ৫০ জন। এরপর আরো কয়েকদফা বিস্ফোরণ ঘটে।” তিনি জানান, পল্লী উন্নয়ন কেন্দ্রটি ব্যবহার করছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় এটিই তাদের সবচেয়ে বড় ঘাঁটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কেন্দ্রে হামলায় ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে। উল্লেখ্য, নুসরা ফ্রন্ট সালাফি জঙ্গিদের একটি ইসলামি দল। অতীতে সিরিয়ায় কয়েকটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে এ দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩২ঘ.