ওয়াশিংটন, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এবারের নির্বাচনে ল্যাতিনো ভোটের বড় ধরনের প্রভাব পড়বে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।
ল্যাতিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসী মার্কিনিরা ল্যাতিনো হিসাবে পরিচিত। এ জনগোষ্ঠীর লোকসংখ্যা দ্রুতই বাড়ছে।
নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিট রমনি দুইজনেই এই বিশাল ল্যাতিনো জনগোষ্ঠীর ভোট নিজ নিজ দলে টানার যথাসাধ্য চেষ্টা করেছেন।
তাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য দুই প্রার্থীই স্প্যানিশ-ভাষার এক টেলিভিশন চ্যানেলের সংগঠিত একটি ফোরামে অংশ নিয়েছেন।
বিভিন্ন জরিপে দেখা গেছে, দেশের অন্যান্য সব নাগরিকের মত ল্যাতিনোরাও অর্থনীতি, চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অভিবাসন নিয়ে একইভাবে চিন্তাভাবনা করে।
এ সমস্ত ইস্যুর মধ্যে বিশেষত অভিবাসন ইস্যুতে ল্যাতিনোরা ওবামাকেই বেছে নেবে বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ, অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ওবামা এবং রমনির অবস্থান স্পষ্টতই ভিন্ন।
প্রেসিডেন্ট হিসাবে ওবামা তার নির্বাহী ক্ষমতা বলে বয়সে তরুণ অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে, তার এ পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছেন রমনি। অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানই জানান দিয়েছেন তিনি।
এবারের নির্বাচনে ভোট দেবে প্রায় ১ কোটি ২২ লাখ হিসপানিক। এদের বেশির ভাগই ভোট দেবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস কিংবা নিউ ইয়র্ক এ। তবে এ রাষ্ট্রগুলো নির্বাচনী লড়াইক্ষেত্র না হওয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে এর প্রভাব ততটা পড়বে না বলেই মনে করা হচ্ছে।
কিন্তু ল্যাতিনো ভোটের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ফ্লোরিডা অঙ্গরাজ্যে। ওই রাজ্যে ওবামা-রমনির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ল্যাতিনো ভোটের।
ওই রাজ্যে আগাম ভোটে ল্যাতিনো ভোটারের সংখ্যা ছিল ৩৪ দশমিক ৫ শতাংশ-- যা ২০০৮ সালের ভোটার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তাছাড়া, এখানে কিউবান-আমেরিকান স¤প্রদায়ের নেতৃত্বে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাট সমর্থক দলও গড়ে উঠছে।
ফ্লোরিডায় প্রচুর ভোটার উপস্থিতির কারণে আগাম ভোটের সময় আরো কয়েকঘন্টা বাড়ানো হয়। শনিবার আগাম ভোট শেষ হওয়ার কথা থাকলেও তা চলে রোববার পর্যন্ত।
ফ্লোরিডায় ছাড়া ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনাও বিশাল ল্যাতিনো জনগোষ্ঠী আছে এবং ভোটে তাদের ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
নেভাদা এবং কলোরাডোতে ইতোমধ্যেই হিস্পানিক ভোটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে এবং ভোটার উপস্থিতিও প্রচুন হবে বলে ধারণা করা হচ্ছে। ওহাইওতে ওবামা- রমনি এখনো ল্যাতিনো ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। ওহাইওতে বাস করে ৩৫৫,০০০রও বেশি ল্যাতিনো। তাদের ১৬৬,০০০ জনই নিবন্ধিত ভোটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৩ঘ.
bdnews24