ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় নিলমের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে টানা চার দিনের ভারি বৃষ্টির পর সৃষ্ট বন্যায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ঘর হারিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।
আগামী দুই থেকে তিন দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডির সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা সফরের কথা রয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, বন্যায় অন্ধ্রপ্রদেশের অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দেড়শ’ গ্রাম, পানিতে তলিয়ে গেছে আড়াই লাখ হেক্টরের বেশি ফসলি জমি।
বন্যায় বিশাখাপত্তম, পূর্ব ও পশ্চিম গোদাবাড়ি, কৃষ্ণ, কুন্তুর ও কাম্মাম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেল যোগযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়া বাস চলাচলও বিঘ্নিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
প্রদেশের পশ্চিম গোদাবাড়ির নারসাপুরাম এলাকায় ৩১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। চারটি বিদ্যুৎ উপকেন্দ্র প্লাবিত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৭২টি গ্রাম।
গত ৩১ অক্টোবর অন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়–র ওপর দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যায় ঘূর্ণিঝড় নিলম। সে সময় ঝড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৪১৩ ঘ.
bdnews24