সিডনি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর সম্পূর্ণ বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকা ও এর জীববৈচিত্র্যের সুরক্ষায় প্রণীত বিশাল পরিকল্পনায় একমত হতে পারেনি বিশ্বের বড় বড় দেশগুলো।
অস্ট্রেলিয়ার হোবার্টে অ্যান্টার্কটিকার সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গঠিত ২৫ সদস্যবিশিষ্ট কমিশনের (সিসিএএমএলআর) তিন সপ্তাহব্যাপী বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৃহস্পতিবার। গত ৮ অক্টোবর থেকে শুরু হয় এ বৈঠক।
২০১৩ সালের জুলাই মাসে জার্মানিতে একটি বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে পেঙ্গুইন, তিমি, বিভিন্ন সামুদ্রিক পাখি ও চিংড়িসদৃশ ক্রিল রক্ষায় রস সাগর ও পূর্ব অ্যান্টাকটিকায় সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠায় ঐকমত্যে পৌঁছতে না পারার সমালোচনা করেছে পরিবেশবিদরা।
সিসিএএমএলআর’র বৈঠক শেষে অ্যান্টার্কটিক ওশেন অ্যালায়েন্সের স্টিভ ক্যাম্পবেল জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠায় একমত হলেও, এ পরিকল্পনার সবচেয়ে বড় বিরোধিতাকারী দেশগুলো হলো ইউক্রেন, রাশিয়া ও চীন।
ইইউসহ ২৫টি দেশ নিয়ে গঠিত এ সংগঠনের কয়েকটি দেশ তাদের কাছাকাছি মৎস্যক্ষেত্রগুলো খালি হয়ে যাওয়ার ফলে মৎস্য আহরণের জন্য গভীর সমুদ্রে যায়। এর ফলেই এ বিরোধিতা।
প্রস্তাবিত এলাকাগুলোর মধ্যে রস সাগরে যুক্তরাষ্ট্র-নিউজিল্যান্ডের উদ্যোগে ১৬ লাখ বর্গ কিলোমিটার সংরক্ষিত এলাকা সৃষ্টি করা হবে যা আয়তনে ইরানের প্রায় সমান। এছাড়া ইইউ, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের প্রস্তাব অনুযায়ী পূর্ব অ্যান্টার্কটিকা অঞ্চলে ১৯ লাখ বর্গ কিলোমিটার সংরক্ষিত এলাকা সৃষ্টি করা হবে যা আয়তনে আলাস্কার চেয়েও বড়।
২০১০ সালে বিশ্বের মহাসাগরগুলোর ১০ শতাংশ এলাকায় দূষণ, জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ ধরাসহ বিভিন্ন হুমকি থেকে রক্ষার জন্য সংরক্ষিত এলাকার আওতায় আনার পরিকল্পনা করে ২৫ দেশের সরকার। ২০১০ সালে সংরক্ষিত এলাকার পরিমাণ ছিলো ৪ শতাংশ।
সিসিএএমএলআর’র একটি বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ মহাসাগরে উচ্চমাত্রার সংরক্ষণ ব্যবস্থা প্রয়োজন এমন বেশকিছু এলাকা ইতোমধ্যে নির্দিষ্ট করেছে সদস্য দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৯২৪ঘ.
bdnews24