নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র একদিন পর। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবামা আর রমনি তাই এখন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারাভিযানে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দোদুল্যমান রাজ্যগুলোতে।
রোববার আইওয়া, ওহাইও, পেনসিলভানিয়া ও ভার্জিনিয়ায় প্রচারাভিযান চালানোর কথা রয়েছে রমনির। অন্যদিকে, বারাক ওবামা যাবেন নিউ হ্যাম্পশায়ার, ফ্লোরিডা, ওহাইও এবং কলোরাডোয়।
এর আগে শনিবার ওহাইও, উইসকনসিন, ভার্জিনিয়া, আইওয়ায় প্রচার চালিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে, মিট রমনি প্রচার চালান হ্যাম্পশায়ার, আইওয়া ও কলোরাডোয়। এসব রাজ্যে ভোটারদের দলে টানতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
উভয় দলরেই জেতার সম্ভাবনা আছে এমন অঙ্গরাজ্যগুলোতে শনিবার দুই প্রার্থীই বিশাল সমাবেশ করেছেন।
সর্বশেষ এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপ অনুযায়ী, উভয় প্রার্থীরই ৪৮ শতাংশ জনসমর্থন রয়েছে।
দ্বিধান্বিত ভোটারদের দলে টানতে শেষ মুহুর্তে প্রতিদিন টানা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচারাভিযান চালানোয় উভয় প্রার্থীর ওপরই ক্লান্তির ছাপ পড়েছে। ওই ভোটাররা জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।
ভার্জিনিয়ায় ওবামার সঙ্গে যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সবাবেশে তিনি বলেন ওবামা “দায়িত্ব পালনে আমার চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন।”
যুক্তরাষ্ট্রের দুঃসময়ে পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়ায় ওবামার পারদর্শীতার প্রশংসা করে তিনি দ্বিতীয় মেয়াদের জন্যও ওবামাই উপযুক্ত বলে মত দেন।
ভার্জিনিয়ায় ২৪ হাজার মানুষের উদ্দেশে ওবামা বলেন, তার প্রচারাভিযানের পরিকল্পনা ও সাংগঠনিক অবস্থা এখন আর কোন বিষয় না।
তিনি বলেন, “এখন ক্ষমতা আর আমাদের হাতে নেই, পরিকল্পনা বা যা কিছুই আমরা করি না কেন তা এখন আর কোন বিষয় নয়। সবকিছু এখন নির্ভর করছে আপনাদের ওপর... ক্ষমতা এখন আপনাদের হাতে। আর এর মানেই গণতন্ত্র।”
ওদিকে, নিউ হ্যাম্পশায়ারে রমনি বলেছেন, “দেশকে ভালবেসে ভোট দিন। এখন যুক্তরাষ্ট্রকে আরো ভাল অবস্থানে নিয়ে যাওয়ার সময়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২০ঘ.
bdnews24