২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম ভোটে জিতছেন কে?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর আগাম ভোটে স্পষ্টতই প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

যুক্তরাষ্ট্র, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর আগাম ভোটে স্পষ্টতই প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে আছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ৪ বছর আগে আগাম ভোটে জন ম্যাককেইনের বিরুদ্ধে ওবামা যত বেশি ব্যবধানে জিতেছিলেন এবার তেমনটি হচ্ছে না। আর সে কারণেই এবার আগাম ভোটে ওবামা এগিয়ে থাকলেও মঙ্গলবার নির্বাচনের আসল দিনে রমনি তার সঙ্গে ব্যবধানটুকু মুছে ফেলতে পারবেন বলেই আশা করছে রিপাবলিকান শিবির। নির্বাচনের দিন ৬ নভেম্বরে নির্ধারিত থাকলেও ইতোমধ্যে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াসহ ৩৪ টি রাজ্যে ২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছে। মঙ্গলবারের আগে এসব ভোট গণনা করা হবে না। কিন্তু তার আগে ভোটার জরিপে যে ফল পাওয়া যাচ্ছে তাতেই দেখা যাচ্ছে ওবামার অগ্রগতি। এ পর্যন্ত ভোটার জরিপে দেখা গেছে, ফ্লোরিডা, আইওয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং ওহাইও’য় ডেমোক্র্যাটিক ভোটারের সংখ্যা রিপাবলিকান ভোটারদের ছাড়িয়ে গেছে। তারা একইভাবে ভোট দিয়ে থাকলে ওবামা-রমনির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে এ ৫ রাজ্যর ভোটের ফলেই। শুধুমাত্র কলোরাডোয় রিপাবলিকানদের অবস্থান ভালো দেখা যাচ্ছে। যেখানে ২০০৮ সালে জিতেছিলেন ওবামা। সেবার আগাম ভোটের জন্য জন ম্যাককেইন শিবিরের পর্যাপ্ত প্রস্তুতি না াকায় কলোরাডো, ফেøারিডা, আইওয়া, র্ন ক্যারোলাইনায় বড় ধরনের জয় পেয়েছিলেন ওবামা। নির্বাচনের দিন ভোট কম পেলেও আগাম ভোটের ওই জয়ের কারণে তিনি সহজেই পরাজিত করতে পেরেছিলেন ম্যাকেইনকে। কিন্তু এবার ম্যাককেইন শিবিরের মতো ভুল করছে না রমনি শিবির। আর তাই ভোট পরিস্থিতিও আগেরবারের মতো নয়। আগাম ভোটে এরইমধ্যে রিপাবলিকানদের পালে হাওয়া লেগেছে। আর এ কারণে নর্থ ক্যারোলাইনার ভোটে তারতম্য ঘটার সম্ভাবনা আছে। ২০০৮ সালে ওবামা এ রাজ্যে খুব কম ব্যবধানে মাত্র ১৪ হাজার ভোটে জিতেছিলেন। তবে আইওয়া এবং নেভাদায় ওবামা যে অবস্থানে আছেন তাতে করে নর্থ ক্যারোলাইনার ভোট দিয়ে রিপাবলিকানরা তাকে পেছনে ফেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। কিন্তু ২০০৮ সালের জন ম্যাককেইনের তুলনায় এ বছর রমনির অবস্থান ভালো হওয়ায় আশাবাদী রিপাবলিকান শিবির। তারা বলছে, হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে এমন রাজ্যগুলোতে ওবামাকে টপকে যাওয়ার মতো যথেষ্ট ভালো অবস্থানেই আছেন রমনি। মঙ্গলবার ভোট দেবে প্রায় ৩৫ শতাংশ ভোটার। এর মধ্যে বহু স্বতন্ত্র ভোটারও আছে যারা নির্বাচনের ফল ঘুরিয়ে দিতে পারে। তারপরও নির্বাচনের আগ মুহূর্তে দুই প্রার্থীই আগাম ভোটকে গুরুত্ব দিচ্ছেন। তুমুল প্রতিযোগিতামূলক রাজ্যগুলোর আগাম ভোটের চিত্র এখানে তুলে ধরা হল: কলোরাডোয় ভোট দিয়েছে ১৬ লাখ মানুষ। এতে দেখা গেছে, ডেমোক্র্যাটদের তুলনায় ৩৭ শতাংশ বেশি ভোট পেয়েছে রিপাবলিকানরা। সমস্ত ভোটের ৮০ শতাংশ নির্ভর করবে কলোরাডোর এ ভোটের ওপর। ফলে অন্য রাজ্যগুলোর তুলনায় এ রাজ্যের ভোট নির্বাচনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফ্লোরিডায় ভোট দিয়েছে প্রায় ৪০ লাখ ভোটার। ডেমোক্র্যাটদের ঝুলিতে এখানে ভোট পড়েছে ৪৩ শতাংশ আর রিপাবলিকানদের ৪০ শতাংশ। ২০০৮ সালে এই ফ্লোরিডাতেই ৪ লাখ আগাম ভোট বেশি পেয়ে চূড়ান্ত নির্বাচনে ম্যাককেইনকে সহজেই পরাজিত করেছিলেন ওবামা। আইওয়ায় ভোট দিয়েছে প্রায় ৬ লাখ ১৪ হাজার ভোটার। এর মধ্যে এ পর্যন্ত ৪৩ শতাংশ আগাম ভোটারই ডেমোক্র্যাটদের পক্ষে। আর ৩২ শতাংশ রিপাবলিকানদের পক্ষে। রমনি শিবির বলছে, আইওয়ায় আগাম ভোটে ডেমোক্র্যাটরা সবসময় ভালো ফল করলেও রিপাবলিকানরা নির্বাচনের দিন বেশি ভালো ফল করে। তবে ওবামা শিবির পাল্টা যুক্তি দেখিয়ে বলেছে, আগাম ভোটে ওবামার পক্ষে সমর্থন বাড়তে থাকায় নির্বাচনের দিন বড় ব্যবধান তৈরি করার মতো যথেষ্ট ভোটারই পাবেন না রমনি। নেভাদায় ভোট দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ভোটার। ডেমোক্র্যাটদের পক্ষে ভোটার ৪৪ শতাংশ। আর রিপাবলিকানদের পক্ষে রয়েছে ৩৭ শতাংশ ভোটার । রমনি শিবির বলছে, এ রাজ্যে ওবামা এবার ২০০৮ সালের মতো অতটা ভালো ফল করেননি। তবে বিষয়টাকে তেমন পাত্তা দিচ্ছে না ওবামা শিবির। নর্থ ক্যারোলাইনায় ভোট দিয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। এর ৪৮ শতাংশ ডেমোক্র্যাট আর ৩২ শতাংশ রিপাবলিকানদের পক্ষের ভোটার। ২০০৮ সালের তুলনায় এ ভোট খুব বেশি না হলেও ওবামা শিবির এটাকেই তাদের জন্য বড় ধরনের অগ্রগতি হিসাবে দেখছে। অন্যদিকে, রমনি শিবির বলছে, গুটিকয়েক ভোটার রিপাবলিকানদের দিকে ঝুঁকলেই এ রাজ্য রমনির হাতে চলে আসবে। ওহাইওয় ভোট দিয়েছে ১৬ লাখ ভোটার। ডেমোক্র্যাট ২৯, রিপাবলিকান ২৩। তব এ রাজ্যে আছে বেশ কিছু সংখ্যক স্বতন্ত্র ভোটার যারা ভোটের ফল যে কোনো প্রার্থীর দিকেই ঘুরিয়ে দিতে পারে। নতুন ভোটারসহ যারা বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ভোট দেয়নি এ দলে রয়েছে তারাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭১৯ঘ.