ওয়াশিংটন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে।
শনিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ প্রকাশিত জরিপে দেখা গেছে দুই প্রার্থীর পক্ষে জনসমর্থন প্রায় সমান। ওবামার এগিয়ে থাকার ব্যবধান সামান্যই। ৪৭ শতাংশ ভোটার জানিয়েছে তারা ওবামার প্রতি সমর্থন জানাবে, আর ৪৬ শতাংশ ভোটার রমনিকে ভোট দিবে বলে জানিয়েছে।
ঐতিহ্যগতভাবে কয়েকটি রাজ্যের ভোট কখনো রিপাবলিকান আবার কখানো ডেমক্রেটদের দিকে ঝুঁকে যায়। শেষ পর্যন্ত এই রাজ্যগুলোর ভোটই আগামী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে। এসব রাজ্যগুলোর মধ্যে ওহিও, ফ্লোরিডা, ভার্জিনিয়া ও কলোরাডোতে দুই প্রার্থীর পক্ষে প্রায় সমান জনসমর্থন দেখা গেছে।
ওহিওতে ওবামার পক্ষে সমর্থন জানিয়েছে ৪৬ শতাংশ ভোটার আর রমনির পক্ষে ৪৫ শতাংশ। ফ্লোরিডায় দুই প্রার্থীর পক্ষেই সমর্থন জানিয়েছে ৪৭ শতাংশ ভোটার।
ভার্জিনিয়ায় কিছুটা এগিয়ে আছেন ওবামা। এখানে তার পক্ষে সমর্থন জানিয়েছে ৪৮ শতাংশ ভোটার আর রমনির পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ ভোটার।
ওদিকে, কলরাডোতে আবার এগিয়ে আছেন রমনি। এখানে তার পক্ষ সমর্থন করেছে ৪৭ শতাংশ ভোটার আর ওবামার পক্ষে আছে ৪৫ শতাংশ।
গত কয়েক সপ্তাহ ধরেই দুই প্রার্থীর জনসমর্থন প্রায় সমান সমান আছে। উভয় প্রার্থীই এখন চূড়ান্ত প্রচারণায় ব্যস্ত আছেন। মাঝে প্রলয়ঙ্করী ঘূূর্ণিঝড় স্যান্ডির কারণে প্রচারণায় কিছুটা বিঘœ ঘটলেও এখন আবার পূর্ণদ্যোমে শেষ মূহুর্তের প্রচারণা চলছে।
ভোট কাকে দিবেন এখনও মনস্থির করেননি যেসব ভোটার তাদের পক্ষে টানতে দুই প্রার্থী শেষ মূহুর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইপসোসের জরিপ পরিচালনাকারী জুলিয়া ক্লার্কের ধারণা, ওবামার জেতার সম্ভবনাই বেশি। হোয়াইট হাউজে থাকতে যে ২৭০ ইলেকটোরাল ভোট প্রয়োজন ওবামা তা পাবেন বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, “ইলেকটোরাল ভোটের মানচিত্র ওমাবার কথাই বলছে।”
তবে দোদুল্যমান রাজ্যগুলো বিবেচনায় নিয়ে তিনি বলেন, “তবে তাদের একজনকে এখনই বিজয়ী বলে ভাবার কোনো কারণ নেই। দুইজন প্রায় একই প্রান্তে অবস্থান করছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১২০০ ঘ.
bdnews24