২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডি: যুক্তরাষ্ট্রে জ্বালানি সঙ্কট, বাড়ছে ক্ষোভ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় স্যান্ডি বিধ্বস্ত এলোকাগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা এখনো সচল হয়নি। উপরন্তু জ্বালানি সঙ্কটে জীবনযাত্রা ব্যাহত হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যান্ডি বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বেশিরভাগ এলাকায় এখনো বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়নি। দেখা দিয়েছে জ্বালানি সঙ্কটও। পেট্রোল না পেয়ে হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন পেট্রোল স্টেশনে। ১১ নভেম্বরের আগে কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্কের শহরের স্ট্যাটেন আইল্যান্ডে আটকা পড়া কয়েকজনকে এখনো উদ্ধার করা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। নিউইয়র্কের দক্ষিণ-পশ্চিমের এ এলাকায় ঝড়ে ১৯ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। নিচুভূমির এলাকাটি ঝড়ের সময় সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়, অনেক জায়গায় বাড়িঘর সম্পূর্ণ উড়ে যায় ঝড়ে। ঘূর্ণিঝড় স্যান্ডিতে এ পর্যন্ত অন্তত ৯৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ হাজার কোটি মার্কিন ডলার। স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল পর্যন্ত যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা অচল ছিলো। পেট্রোল স্টেশনগুলোতে গাড়ি ও জেরিক্যান নিয়ে জ্বালানির জন্য মানুষের লম্বা লাইন দেখা গেলেও সরবরাহ ছিলো অপ্রতুল। নিউইয়র্ক ও নিউজার্সির অর্ধেকের বেশি পেট্রোল স্টেশন এখনো বন্ধ রয়েছে। নিউজার্সির এক স্টেশনের মালিক নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে জানান, গত ৩৬ ঘণ্টা ধরে টানা পেট্রোল সরবরাহ করা হচ্ছে তার স্টেশন থেকে। ক্রেতাদের ভিড় ও উত্তেজনা সামলাতে তাকে পুলিশ ডেকে আনতে হয় একসময়। কোথাও কোথাও হঠাৎ পেট্রোলের মূল্য বাড়িয়ে দেয়ার অভিযোগও পাওয়া গেছে। ওদিকে, ম্যানহাটনের সব এলাকা ও ব্রুকলিনের কিছু এলাকায় শনিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তবে কোনো কোনো এলাকায় ১১ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে নিউইয়কের্র বিদ্যুৎ সরবরাহকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান কনসলিডেট এডিসন। এখন পর্যন্ত নিউজার্সির ৪৫ শতাংশ এবং নিউইয়র্কের ১৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এতে নি¤œ তাপমাত্রার আবহাওয়ার মোকাবেলা করতে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে অনেক মানুষ। শুক্রবার পর্যন্ত নিউ ইয়র্কে বিনামূল্যে রেল যোগাযোগ চালু রাখা হয়েছে। ম্যানহাটনের রাস্তায় তিনজনের কম আরোহীবাহী কোনো গাড়ি চলার ওপরে নিষেধাজ্ঞা রয়েছে শুক্রবার পর্যন্ত। কিন্তু জ্বালানি সঙ্কট আর ত্রাণ সরবরাহে বিলম্বের কারণেও ক্ষোভে ফুঁসছে দুর্গতরা। ধ্বংসাবশেষ থেকে টেনেহিঁচড়ে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছেন অনেকে। ধ্বংশাবশেষ সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়নি এসব এলাকায়। স্ট্যাটেন আইল্যান্ডের প্রধান কর্মকর্তা জেমস মলিনারো অভিযোগ করে বলেন, আমেরিকান রেড ক্রসকে ‘কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে যাদের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেলে এদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। এরই মধ্যে নিউ ইয়র্কে বিশ্বের সর্ববৃহৎ ম্যারাথন দৌড়ের আয়োজন চলতে থাকায় ক্ষোভ ঝরে পড়ছে বিভিন্ন এলাকায় দুর্ভোগের মধ্যে থাকা এসব মানুষের মধ্যে। ‘তারা আমাদের কথা ভুলে গেছে’, এ ক্ষেদোক্তি এক অধিবাসীর। জনমনে ক্ষোভ বাড়তে থাকায় প্রেসিডেন্ট নির্বাচনের ৪ দিন আগে তা রাজনীতিবিদদের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৫৫ ঘ.