২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় স্টিলথ বিমান তৈরি করলো চীন

চলতি সপ্তাহে উদ্বোধন করা দ্বিতীয় এই স্টিলথ যুদ্ধবিমানটি চীনকে শীর্ষ আঞ্চলিক শক্তিতে পরিণত করার পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন এশিয়ার নিরাপত্তা বিষয়ক এক বিশেষজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

বেইজিং, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শেনইয়াঙ্গ এয়ারক্রাফট কর্পোরেশন স্টিলথ প্রযুক্তির দ্বিতীয় চীনা যুদ্ধবিমান তৈরি করেছে। বিমানটির নাম রাখা হয়েছে জে-৩১। বুধবার বিমানটির সফল উড্ডয়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চীনা দৈনিক গ্লোবাল টাইমস। চীনকে শীর্ষ আঞ্চলিক শক্তিতে পরিণত করার এক পরিকল্পনার অংশ হিসেবে এই বিমান নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন সিডনি ভিত্তিক লয়ি ইনিস্টিটিউটের এশিয়ার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ স্যাম রজ্জিভেন। রজ্জিভেন বলেন, “গত দুই বছরে এটি চীনের তৈরি সম্পূর্ণ নতুন নকশার দ্বিতীয় স্টিলথ যুদ্ধবিমান। বিমানটির নকশায় মুগ্ধ করার মতো প্রাযুক্তিক উন্নয়ন ঘটানো হয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক প্রতিবেশিদের তুলনায় নিশ্চিতভাবে অনেক এগিয়ে গেল চীন।” “চীন এখন একটি প্রথম শ্রেণীর আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে,” বলেন তিনি। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে। এর আগে তৈরি করা স্টিলথ প্রযুক্তির চীনা যুদ্ধবিমান জে-২০ অনেক ভারী ছিল আর জে-২০ তুলনায় জে-৩১ অনেক বেশি ক্ষিপ্র। মাঝারি দৈর্ঘ্যরে নতুন এই স্টিলথ বিমানটিতে রাশিয়ার তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে এই ইঞ্জিন পরিবর্তন করে চীনের তৈরি ইঞ্জিন লাগানো হবে বলে জানিয়েছে গ্লোবাল টাইমস। সাপ্তাহিক এভিয়েশন ওয়াল্ড এর সাবেক সহসম্পাদক বাই উয়ি গ্লোবাল টাইমকে বলেছেন, “যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-২২ ও এফ-৩৫ এর মতো জে-২০ ও জে-৩১ ভবিষ্যৎ চীনা অভিযানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।” “বিমানবাহী রণতরী থেকে অভিযান চালানোর লক্ষ্যেই বিমানটির নকশা করা হয়েছে,” বলেন তিনি। চীনের আকাশ প্রতিরক্ষার জন্য ভারী জে-২০ এবং ক্ষিপ্রগতির জে-৩১ উভয় বিমানই প্রয়োজন বলে জানিয়েছেন বাই। সেপ্টেম্বরে ইউক্রেন থেকে কেনা একটি জাহাজকে সংস্কার করে দেশের প্রথম বিমানবাহী রণতরী হিসেবে পানিতে নামিয়েছে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৬১০ ঘ.