২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে অপেক্ষায় ৩ হাজার বাংলাদেশি

জলোচ্ছ্বাসের কারণে শহরের পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় ঝড়ের সময় সরিয়ে নেয়া বাসিন্দাদের বাড়ি ফিরতে দিচ্ছে না আটলান্টিক সিটির পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 04:33 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যান্ডি বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে বাড়ি ফিরতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে অপেক্ষা করছেন প্রায় তিন হাজার বাংলাদেশি। তারা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের পানির কারণে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় পুলিশ ঝড়ের সময় সরিয়ে নেয়া বাসিন্দাদের বাড়ি ফিরতে দিচ্ছে না। গত ২৯ অক্টোবর রাতে ঘণ্টায় ৮০ মাইল বেগে নিউ জার্সি উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি। রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় পানির নিচে। এই ঝড়ে এ পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ৩৯ জন মারা গেছে নিউ ইয়র্কে। আটলান্টিক সিটিতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আকবর হোসাইন জানান, স্যান্ডি আঘাত হানার আগে রোববারই শহরের ৪০ হাজার বাসিন্দার ৮০ শতাংশকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। জলোচ্ছ্বাসের সময় শহরে ঢোকা পানি বুধবারই সরে গেলেও পুলিশের বাধার কারণে তাদের অধিকাংশই এখানো বাড়ি ফিরতে পারেননি। অনেকেই পরিবার পরিজন নিয়ে নিজেদের গাড়িতে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বৃহস্পতিবার আমরা দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে শহরে এসেছি, কিন্তু ঢুকতে পারছি না। কেবল ট্যাক্সি চালক ও ব্যবসায়ীদের বাড়ি ফিরতে দেয়া হচ্ছে। আমরা যারা অন্য সাধারণ কাজ করি, তাদের ফিরতে দেয়া হচ্ছে না।” এ কারণে প্রায় তিন হাজার বাংলাদেশি বিপাকে পড়েছেন বলে আকবর জানান। আটলান্টিক সিটির কাউন্টি এক্সিকিউটিভ ডেনিস লেভিনসন বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, সাগরের জল ঢুকে পড়ায় শহরের পানি পানের অনুপযোগী হয়ে পড়েছে। যারা শহরে অবস্থান করছেন, তাদের ওই পানি খাওয়ার আগে অবশ্যই ফুটিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। পাশের ব্রিগেনটাইন, মারগেট ও লংপোর্ট সিটির বাসিন্দাদের শহরে ঢুকতে দেয়া হলেও পানির সমস্যার কারণে রাজ্যের গভর্নর ক্রিস ক্রিস্টি এখনো আটলান্টিক সিটির বাসিন্দাদের ফেরার অনুমতি দেননি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্রিস্টি নাগরিকদের ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, শহরের জীবনযাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা চলছে। তিনি জানান, শহরের ৪৬৩টি সড়কের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত কেবল ২০টি খুলে দেয়া হয়েছে। নগরীর পাবলিক সেইফটি ডিরেক্টর উইলি গ্লাসকে সঙ্গে নিয়ে আটলান্টিক সিটি মেয়র লরেঞ্জো ল্যাঙ্গফোর্ড বৃহস্পতিবার বিকালে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার খোঁজ খবর নেন। উইলি গ্লাস পরে সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৮টার (বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা) পর শহরের বাসিন্দাদের যাতে ঢুকতে দেয়া হয়, সেজন্য গভর্নরকে অনুরোধ জানাবেন তিনি। আটলান্টিক সিটির মতো পাশের ভেন্টনর শহরেও নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.