২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ওপর আবার চড়াও রমনি

স্যান্ডির কারণে কিছু সময়ের বিরতির পর বৃহস্পতিবার আবার প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সক্রিয় নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী মিট রমনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যান্ডির কারণে কিছু সময়ের বিরতির পর বৃহস্পতিবার আবার প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সক্রিয় নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী মিট রমনি। আরো বেশি সরকারি আমলাতন্ত্রের জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের সমালোচনা করেন তিনি। ব্যবসায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য ব্যবসায়িক নেতৃত্বে একটি নতুন সরকারি সংস্থা গড়ার ইচ্ছার কথা গত সোমবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ওবামা। রমনি তার বক্তব্যে ওবামার এ চিন্তাভাবনারই সমালোচনা করেছেন। বেসরকারি খাতের চেয়ে ওবামা সরকারি খাত বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন এমন অভিযোগই ফুটে উঠেছে রমনির মন্তব্যে। স্যান্ডির কারণে রমনি গত কয়েকদিন বেশকিছু প্রচারণা কর্মসূচি বাতিল করতে বাধ্য হন। তাছাড়া, এ সময়ে ওবামাকে আক্রমণ করে বক্তব্য দেয়া থেকেও বিরত থাকেন তিনি। কিন্তু ঝড় কাটিয়ে যুক্তরাষ্ট্র আবার স্বাভাবিক হতে শুরু করায় রমনিও আবার পুরো লড়াইয়ের মনোভাব নিয়ে মাঠে নামলেন। বৃহস্পতিার তিনি ভার্জিনিয়ায় প্রচার চালিয়েছেন। এরপর শুক্রবার তিনি উইসকনসিনে যাবেন। এরপর যাবেন ওহাইওয়। সপ্তাহান্তে তার নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, কলোরাডো এবং নেভাদায়ও প্রচারাভিযান চালানোর পরিকল্পনা আছে। ওদিকে, স্যান্ডি সামলাতে তিনদিনের ব্যস্ততার পর নির্বাচনের শেষ দিনগুলোতে সিদ্ধান্তহীন ভোটারদের মন জয়ে আরো ইতিবাচক ও আশাবাদী বক্তব্য নিয়ে বৃহস্পতিবারেই প্রচারাভিযানে ফেরার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামারও। নির্বাচনী যুদ্ধক্ষেত্র নেভাদা, কলোরাডো এবং উইসকনসিনে প্রচারাভিযান চালাবেন তিনি। আগামী মঙ্গলবারের নির্বাচনের আগ মূহুর্তে ভোট প্রার্থণা বন্ধ রেখেছিলেন ওবামা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চরম দুর্দশাগ্রস্ত মানুষদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাওয়ার আশ্বাসই তিনি দিয়ে গেছেন এ সময়টিতে, ঠিক প্রকৃত একজন নেতার মতোই। বিভিন্ন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির সঙ্গে সমান অবস্থানে থাকা ওবামা এতে ক্ষতির চেয়ে বরং যেন অনেকটা লাভের পথেই এগিয়েছেন। এ অবস্থায় নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী রাজ্যগুলোতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে নিজের পক্ষে জনসমর্থন বাড়াতে শেষ মুহূর্তের আবেদন রাখারই চেষ্টা নিয়েছেন ওবামা। ওবামার প্রচারণা শিবিরের উপদেষ্টারা জানিয়েছেন, এতোদিন তার প্রচারাভিযানের মূল বিষয় ছিল বিভিন্ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুরদৃষ্টির তুলনা। এখন ওবামার প্রচারাভিযানের লক্ষ্য হবে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তুলে ধরে মানুষকে আশার বারতা দেয়া। পাশাপাশি ২০০৮ সালে ওবামাকে নির্বাচন জিততে সহায়তা করেছিল এমন কিছু আশাব্যঞ্জক বিষয়গুকে আবার সামনে নিয়ে আসা। গত সপ্তাহে বারাক ওবামা শিবিরের জেষ্ঠ্য প্রচারণা উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরড এক সাক্ষাৎকারে বলেন, দুই প্রার্থীর দুরদৃষ্টির তুলনামূলক কথাবার্তা চলবে। কিন্তু এখন তা হবে আরো ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও দূরদর্শী। গত সোমবার ফ্লোরিডায় প্রচারণা অভিযানে শেষ বক্তব্য দেয়ার কথা থাকলেও তা বাতিল করে স্যান্ডি দুর্গতদের ত্রাণ তৎপরতায় সমন্বয়ের কাজে ওয়াশিংটনে ফিরে যান ওবামা। গত শনিবারের পর থেকে কোনো প্রথাগত নির্বাচনী বক্তব্য দেননি তিনি। তবে ঝড়ের সময় প্রতিদিন বিভিন্ন বক্তব্য এবং এরপর স্যান্ডি বিধ্বস্ত নিউজার্সি পরিদর্শনে গিয়ে তিনি জনসমক্ষে ছিলেন। ২০০৮ সালে বারাক ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচনে জিতিয়েছিলো ‘আশা’ ও ‘পরিবর্তন’ নিয়ে তার প্রচারাভিযান। এবছর তিনি এগিয়ে যাওয়ার মূল বাণী নিয়ে প্রচারণা চালালেও প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে বিভিন্নভাবে আক্রমণ করে এসেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সুবিধাজনক অবস্থানে না থাকায় ওবামার নির্বাচনী প্রচারণার বক্তব্য নেতিবাচক বলে মন্তব্য করেছে রিপাবলিকান রাজনীতিবিদ ও সমর্থকরা। এ অভিযোগের পাল্টা জবাবে রমনি প্রচারনায় মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে ডেমোক্র্যাট শিবির। শেষ পর্যায়ের প্রচারণায় নেভাদা, কলোরাডো ও ওহাইওয় গিয়ে এসব রাজ্যের ভোটারদের সমর্থন ওবামার পক্ষে টানায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করবে তার প্রচারণা শিবির। এতে চূড়ান্ত ফলে ওবামা এগিয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২৩১০ঘ.