কানেকটিকাট, যুক্তরাষ্ট্র, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে উপড়ে গেছে ১০২ বছরের পুরানো একটি গাছ। আর এই গাছের গোঁড়ায় বেরিয়ে এসেছে মানুষের হাড় যা ২০০ বছর আগের বলে জানিয়েছে কর্মকর্তারা।
পুলিশের মুখপাত্র ডেভিড হার্টম্যান জানান, ১৭৯৯ থেকে ১৮২১ সালের মধ্যে বর্তমান নিউ হ্যাভেন গ্রিন নামক পার্কের স্থানটিতে মৃতদেহটি কবর দেয়া হয়েছিল।
তিনি জানান, ওই ব্যক্তি হলুদ জ্বর বা গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সেখানে যাদের কবরে নামফলক ছিল ১৮২১ সালে তাদের দেহ স্থানীয় কবরস্থানে স্থানান্তর করা হয়। কিন্তু চিহ্নবিহীন আরো হাজার হাজার অধিবাসীর কবর সেখানেই রয়ে গেছে।
স্যান্ডির তান্ডবে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শততম জন্মবার্ষিকী স্মরণে ১৯০৯ সালে পার্কটিতে লাগানো ওই গাছটি উপড়ে যায়।
এরপর মঙ্গলবার এক পথচারী গাছটির গোঁড়ায় মানুষের হাড় দেখতে পেয়ে কর্তৃপক্ষতে খবর দিলে কানেকটিকাট পেয়ে যায় নতুন ইতিহাসের সন্ধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৯ঘ.
bdnews24