ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় স্যান্ডির ক্ষয়ক্ষতি সচক্ষে দেখতে নিউ জার্সি পরিদর্শন করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সঙ্গে রয়েছেন নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি।
নিউ জার্সির আটলান্টিক সিটির অধিবাসীরাসহ উদ্ধারকর্মীদের সঙ্গে ওবামার দেখা করার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চটজলদি দুর্যোগ সামাল দিতে ওবামার পদক্ষেপের ইতোমধ্যে প্রশংসা করেছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিট রমনির একনিষ্ঠ সমর্থক রিপাবলিকান ক্রিস্টি।
স্যান্ডির কারণে দুই দিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল স্থবির থাকার পর বুধবার ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজ-কর্ম আবার চালু হতে শুরু করেছে।
নিউ ইয়র্কে চালু হয়েছে বিমানবন্দরগুলো। সরকারি অফিস-আদালত, বিদ্যালয় ও নিউইয়র্ক স্টক এক্সচঞ্জও খোলার অপেক্ষায়।
তবে অনেক বাড়ি-ঘর এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং নিউইয়র্কের সাবওয়েগুলোও এখনো বন্ধ। কয়েকদিন পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইতোমধ্যে কিছু কিছু বাস সার্ভিস চালু হয়েছে।
কিন্তু এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। কয়েকটি রাজ্যজুড়ে এখনো অন্ধকারে রয়েছে ৮২ লাখ মানুষ।
নিউ জার্সিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
ঝড়ের কারণে প্রচারাভিযান বাতিল করে প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন ওবামা।
অন্যদিকে, ঝড়ের পর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যেই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি মঙ্গলবার থেকে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশ ও অনাড়ম্বর প্রচারাভিযান শুরু করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24