রিয়াদ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের একটি বিয়ের আসরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়।
মঙ্গলবার পূর্বাঞ্চলের আবকাইক প্রদেশের আইন বদর গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের আনন্দ উদযাপনে ছোড়া গুলিতে বিদ্যুতের তার ছিড়ে পড়ে বলে জানান ওই কর্মকর্তা।
পূর্ব প্রদেশের কর্মকর্তা আব্দুল্লাহ কাশমান জানান, বিয়েবাড়ির সদর দরজার ওপর একটি হাই ভোল্টেজেরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সদর দরজাটি ধাতুর তৈরি হওয়ায় ওই দরজা দিয়ে বেরোনোর চেষ্টার সময় প্রত্যেকেই বিদ্যুতস্পৃষ্ট হয়। নিহতরা সবাই একই গোত্রের সদস্য।
স্থানীয় একটি পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত ঘটনাস্থলের একটি ছবিতে দেখা যায়, বাড়িটির বিশাল উঠানে বিক্ষিপ্তভাবে অনেক চেয়ার এবং মাঝখানে আলোকসজ্জায় ব্যবহৃত ছোট বৈদ্যুতিক বাতি ও আনুষঙ্গিক তার প্যাঁচানো অবস্থায় একটি অস্থায়ী খুঁটি পড়ে রয়েছে।
গত মাসেই বিয়ের আসরে বন্দুকের গুলি ছোড়া নিষিদ্ধ ঘোষণা করে সৌদি সরকার। তবে ইসলামী রাষ্ট্রটির আদিবাসী এলাকায় এ ঐতিহ্যটি এটি বেশ জনপ্রিয়।
পূর্ব প্রদেশের গর্ভনর প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৩৪ঘ.
bdnews24