সিতউয়ি, মিয়ানমার, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গার পর রাখাইন রাজ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অধিবাসীদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস আর ভয় দেখা দিয়েছে।
বৌদ্ধ ধর্মানুসারী রাখাইন ও ইসলাম ধর্মানুসারী রোহিঙ্গাদের মধ্যে ছয়দিনের দাঙ্গার পর পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করা হলেও মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন রাখাইন নিহত ও অপর একজন আহত হয়েছে।
রামরি দ্বীপের কাইয়াউকনিমাওতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাখাইন রাজ্যের প্রধান শহর সিতউয়ির সরকারী সূত্রগুলো।
বিস্ফোরক পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। অপরদিকে ভীত রাখাইন ও রোহিঙ্গারা ঘরে তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরবর্তী দাঙ্গার জন্য প্রস্তুত হচ্ছে।
ওদিকে, রোববার রাতে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে দু’টি মসজিদে গ্রেনেড ছোঁড়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মিয়ানমারের অন্যান্য অঞ্চলেও সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সরকারী হিসেবে ২১ অক্টোবর থেকে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গায় এ পর্যন্ত ৮৪ জন নিহত ও ১২৯ জন আহত হয়েছে। এ পরিস্থিতি মিয়ানমারের ১৮ মাস বয়সী বেসামরিক সংস্কারবাদী সরকারকে অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছে।
রাখাইন রাজ্য কর্তৃপক্ষের মুখপাত্র উয়িন মায়িং বলেন, “সরকার দাঙ্গা কবলিত সব এলাকায় পুলিশ ও সেনাসদস্যের সংখ্যা বাড়িয়েছে। বিবদমান পক্ষগুলো আইন মেনে চললে আর কোনো দাঙ্গা হবে না।”
পরপর ভয়াবহ দাঙ্গার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মহাসচিব সুরিন পিটসুয়ান। দাঙ্গা অব্যাহত থাকলে তা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলে অস্থিরতা তৈরি করবে বলে তিনি সতর্ক করেন।
সমস্যা সমাধানে এই দিকে মনোযোগ দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানান।
এই দাঙ্গার ঘটনায় মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সুচি পরিষ্কার কোনো নৈতিক বিবৃতি দিতে না পারায় হতাশ হয়েছেন তার সমর্থকরা। ২৪ অক্টোবর এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করা ছাড়া এই দাঙ্গার বিষয়ে মূলত মৌনতাই অবলম্বন করছে সুচির ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫২ ঘ.
bdnews24