নিউ ইয়র্ক, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে গত বছরের ঘূর্ণিঝড় আইরিনের চেয়ে এ বছর স্যান্ডিতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে মঙ্গলবার ধারণা প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা।
তাছাড়া, নির্বাচনের একেবারে দোরগোড়ায় এসে আঘাত হানা এ ঝড়ের কারণে এর মোড় ঘুরে যেতে বসেছে। প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়কে আগে থেকেই খুব উত্তেজনাপূর্ণ আর অননুমেয় বলে মনে করা হচ্ছিল। সে দোদুল্যমানতাকেই আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে স্যান্ডি।
স্যান্ডির প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াও এর কারণে মুখ থুবড়ে পড়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিট রমনির শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার।
প্রচারাভিযান ভুলে তাদেরকে এখন ব্যস্ত থাকতে হচ্ছে দুর্যোগ মোকাবেলা নিয়ে। দু প্রার্থীই প্রচারাভিযান বাদ দিয়ে মনোনিবেশ করেছেন দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে।
৬ নভেম্বরের নির্বাচন ওইদিন অনুষ্ঠিত হতে পারবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
কারণ স্যান্ডির প্রভাবে বন্যার তোড়ে বিভিন্ন অঙ্গরাজ্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে লোকজন নির্বাচনের দিন ঠিকমত ভোট দিতে যেতে পারবে কিনা তা এ মুহূর্তে বোঝা যাচ্ছে না। অনেক ভোটকেন্দ্রই স্যান্ডিতে বিধ্বস্ত হয়েছে।
সেগুলো সময়মতো পুনর্গঠন করা সম্ভব না হলে কংগ্রেসকে নির্বাচন পেছানোর ব্যবস্থাও নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিপর্যয়ের ভয়াবহতার কারণে স্যান্ডির ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাবটা এখনই পাওয়া মুশকিল বলে জানিয়েছে ক্ষয়ক্ষতির পূর্বাভাস প্রদানকারী সংস্থাগুলো।
এমনই একটি সংস্থা আরএমএস ঝড় সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে, “স্যান্ডি মারাত্মক তান্ডব ঘটিয়েছে... আইরিনের চেয়ে এ ঝড়ের প্রভাবেই বেশি লন্ডভন্ড হয়েছে নিউ ইয়র্ক।”
গত বছরের হারিকেন আইরিনে ক্ষতির পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। কিন্তু এ বছর স্যান্ডির আঘাতে ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ইকিউইসিএটি।
আইরিনের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিদ্যুৎহীন হয়েছিল ৪০ লাখের বেশি মানুষ। কিন্তু স্যান্ডিতে বিদ্যুৎহীন মানুষের সংখ্যা এরই মধ্যে ৮০ লাখে দাঁড়িয়েছে।
আইরিনে নিহতের মোট সংখ্যা ছিল ৪৩। স্যান্ডিতে ইতোমধ্যেই নিহতের সংখ্যা ৩২ এ পৌঁছেছে এবং তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্যান্ডির কারণে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, ডেলওয়ারে, কানেকটিকাট ও বস্টন বিমানবন্দরে গত তিন দিনে ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। অথচ গত বছরের অগাস্টে হারিকেন আইরিনের প্রভাবে ৪ দিনে বাতিল হয়েছিল মোট ১৪ হাজার ফ্লাইট।
স্যান্ডি সবচেয়ে বেশি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের জন্য। নির্বাচনে এর প্রভাব বিশেষত ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলার বিষয়টি নিয়ে চিন্তিত রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী দিনসহ আগাম ভোট নিয়েও একই উদ্বেগ বিরাজ করছে।
আর নির্বাচনের আগ মুহূর্তে ওবামার জন্য নেতৃত্বের আরেকটি পরীক্ষা হিসাবে আবির্ভূত হয়েছে এ ঝড়। ওবামা এখন সঙ্কট মোকাবেলায় তার সরকারের কার্যকারিতা প্রমাণ করতে পারলে তা ভোটারদের মনে একটা ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
সেদিক থেকে এ ঝড় তার জন্য হয়ে দাঁড়াতে পারে আশীর্বাদ। অন্যথায় এ ঝড় তার জন্য বিরাজ করবে ঝুঁকি হয়ে।
সেক্ষেত্রে এ ঝড় আশীর্বাদ হবে রমনির জন্য। ওবামা প্রশাসন দুর্যোগ মোকাবেলায় কতটা দক্ষ তা নিয়ে নতুন করে সমালোচনা করার সুযোগ পাবেন রমনি।
তবে প্রাকৃতিক এ দুর্যোগের কারণে রমনির আলোচনা-সমালোচনা অনেকটাই মানুষের মনোযোগের বাইরে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩০১ঘ.
bdnews24