২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ককে ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা

স্যান্ডিবিধ্বস্ত নিউ ইয়র্ককে বিপর্যস্ত এলাকা বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যেই ঝড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যান্ডি বিধ্বস্ত নিউ ইয়র্ককে ‘বড় ধরনের বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঝড়ে কয়েকটি রাজ্যে নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে। নিউ ইয়র্কে ১০ জনের মৃত্যুর খবর পুলিশ নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টা) ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্র উপকূলে পৌঁছানোর সময় পূর্ণিমার প্রভাবে রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্ক শহরের নিচু এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় প্রায় ৮ ফুট পানির নিচে। নিউ ইয়র্কের ১০৮ বছরের পুরোনো সাবওয়ে সিস্টেমেরও একটা বড় অংশ জলোচ্ছ্বাস কবলিত হয়ে বিপর্যস্ত হয়েছে, যা আগে কখনো হয়নি। যা আশঙ্কা করা হয়েছিল তার চেয়েও বড় জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ। হাডসন নদী নদীর পানি উপচে তলিয়ে গেছে লোয়ার ম্যানহাটনের বেশ কিছু এলাকা। রাস্তার বিভিন্ন সুড়ঙ্গপথ এবং সাবওয়েগুলো সয়লাব হয়ে গেছে পানিতে। ফলে সাবওয়েগুলো ৪/৫ দিন বন্ধ থাকবে। আর বুধবারও বন্ধ থাকবে সব স্কুল, জানান ব্লুমবার্গ। তবে মঙ্গলবার বিকাল নাগাদ শহরে কিছু কিছু বাস সার্ভিস চালু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘূর্ণিঝড়ের তা-বে নিউ ইয়র্কের কুইনস এলাকায় ধ্বংস হয়েছে প্রায় ৫০ টি বাড়ি। বন্যার কারণে বিদ্যুতের সাব স্টেশন বিস্ফোরিত হয়ে লোয়ার ম্যানহাটনের বেশির ভাগই এলাকায়ই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ম্যানহাটনের ৫ লাখ বাড়ি। এ অবস্থা কয়েকদিন পর্যন্ত চলবে বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঝড়ে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট বলে মন্তব্য করেছেন জ্বালানি কোম্পানি কন এডিসনের ভাইস প্রেসিডেন্ট জন মিকাসড। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিউ ইয়র্কের হাসপাতাল থেকে সরানো হয়েছে প্রায় ২০০ রোগীকে। পরমাণু প্ল্যান্টগুলোতে দুর্ঘটনা এড়াতে নেয়া হয়েছে সতর্ক ব্যবস্থা। নিউ জার্সির উত্তরাঞ্চলে বাঁধ ভেঙে বন্যার পানিতে ভেসে গেছে মুনাকি শহর। বার্গান কাউন্টির চীফ অব স্টাফ জেনা বারাত্তা সিএনএন কে জানান, মুনাকি বিধ্বস্ত হয়েছে। প্রতিটি রাস্তায় ৪/৫ ফুট পর্যন্ত পানি উঠেছে। অন্তত ৮০ লাখ বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। প্রলয়ঙ্করী এ ঝড়ের আশঙ্কায় ওবামা আগেই ম্যাসাচুসেটস, কানেকটিকাট, রোডে আইল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়ায় জরুরি অবস্থা জারি করেছিলেন। পরে রাতভর স্যান্ডির তা-বে বিভিন্ন অঙ্গরাজ্যে জানমালের ক্ষয়ক্ষতির পর তিনি নিউ ইয়র্ক এবং লং আইল্যান্ড এলাকাকে ‘মহা বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করলেন। এর ফলে ওই এলাকাগুলোতে সরকারি তহবিল সরবরাহের পথ সুগম হল। স্যান্ডি এগিয়ে আসতে থাকায় গত রোববারই ছয় রাজ্যে জরুরি অবস্থা জারি করে ছুটি ঘোষণা করা হয় সব স্কুলে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোমবারের সব কর্মসূচি বাতিল করা হয় এবং ট্রেডিং ফ্লোর বন্ধ রাখার ঘোষণা দেয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি তেও বন্ধ হয়ে যায় সরকারি কার্যালয়গুলো। নিউ ইয়র্ক, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং বোস্টনে গণপরিবহন চলাচলও বন্ধ হয়ে যায়। স্যান্ডির কারণে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, ডেলওয়ারে, কানেকটিকাট ও বস্টন বিমানবন্দরে গত তিন দিনে ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে অন্তত পাঁচ কোটি মানুষ এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা ইকিউইসিএটির প্রাথমিক পূর্বাভাসে বলা হয়, স্যান্ডির আঘাতে ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। স্যান্ডি এখন কিছুটা দুর্বল হয়ে পড়লেও একে এখনো শক্তিশালী ঝড় হিসাবেই বিবেচনা করা হচ্ছে। ঝড়টি এখন ধেয়ে যাচ্ছে উত্তরমুখে কানাডার দিকে। ক্যারিবীয় সাগরে সৃষ্ট এ ঝড় জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে অন্তত ৬৭ জনের প্রাণ কেড়ে নেয়। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবিয় অঞ্চলের এ তিন দেশে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, হ্যারিকেন স্যান্ডি স্থলভাগে উঠে এসে এখন পোস্ট ট্রপিক্যাল ঝড়ের রূপ নিয়েছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে তাণ্ডব চালিয়ে ও বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে স্যান্ডি। পাশাপাশি পশ্চিম ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও কেন্টাকিতে ৩ ফুট পর্যন্ত তুষাপাতের আশঙ্কা করা হচ্ছে স্যান্ডির প্রভাবে। ওদিকে, আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনেও স্যান্ডি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলকিউ/১৮৪৫ ঘ.