কুয়েত, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমিরের সমালোচনা করার অভিযোগে কুয়েতের জাতীয়তাবাদী বিরোধী দল পপুলার অ্যাকশন ব্লকের নেতা মুসাল্লাম আল বারাককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দলটির রাজনৈতিক কর্মীরা।
গ্রেপ্তারের আগে সাবেক আইনপ্রণেতা ও অ্যাকশন ব্লকের শীর্ষ নেতা বারাক নিজ বাসায় এক সংবাদ সম্মেলন করেছিলেন। সম্মেলনে তিনি সরকারের সংবিধান মেনে চলা উচিত বলে মন্তব্য করেছিলেন।
এছাড়া কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল সাবার প্রতি ‘স্বৈরাচারী শাসন’ না চালানোর জন্য আবেদন জানান।
দেশটির নির্বাচনী আইন পরিবর্তনের প্রতিবাদে ১৫ অক্টোবর বিরোধীদলের সমাবেশে পুলিশ বাঁধা দিলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বারাক আমিরের প্রতি এ আবেদন জানিয়েছিলেন।
এই মন্তব্যে আমিরের ‘সমালোচনা’ করা হয়েছে বলে মনে করছে কুয়েতি কর্তৃপক্ষ।
প্রতিবেশী সৌদি আরব, বাহরাইনের তুলনায় কুয়েতে মত প্রকাশের কিছুটা স্বাধীনতা থাকলেও আমির সবকিছুর ঊর্ধ্বে। রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে আমিরের কথাই শেষ কথা। সংবিধানে আমিরকে “পবিত্র ও দায়হীন” বলে ঘোষণা করা আছে।
অ্যাকশন ব্লকের রাজনৈতিক কর্মী আহমেদ আল দাইয়েন বলেন, “রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেখিয়ে তাকে নিয়ে যায়। তিনি এখন রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের হাতে আটক আছেন।”
নভেম্বরের ৪ তারিখে ঘোষিত সমাবেশের আগে বারাকের এই গ্রেপ্তার পরিস্থিতি গুরুতর করে তুলবে বলে মনে করেন দাইয়েন। এতে বিভিন্ন ইস্যু নিয়ে অচলাবস্থা চলতে থাকা কুয়েতের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আগামী ১ ডিসেম্বর দেশে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। নির্বাচনী আইন পরিবর্তনের প্রতিবাদে ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৪ ঘ.
bdnews24