২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারিবীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে তাণ্ডব স্যান্ডির

ক্যারিবীয় অঞ্চলে ৬৭ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে হারিকেন স্যান্ডির তাণ্ডবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 07:09 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারিকেন স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে এরইমধ্যে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে। এদের মধ্যে নিউ ইয়র্ক রাজ্যে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের মৃত হয়েছে কুইনস ও নিউ সালেম শহরে ঘরচাপায়। নিউ জার্সিতে তিন জন ও কানেটিকাটে একজনের মৃত্যু হয়েছে গাছের নিচে চাপা পড়ে। ওয়েস্ট ভার্জিনিয়ার ডেভিস শহরে ঝড়ে পাঁচ ইঞ্চি তুষারপাতের পর গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানার আগে স্যান্ডির কবলে পড়ে নর্থ ক্যারোলিনায় এইচএমএস বাউন্টি নামের একটি জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ১৬ ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় একজনের লাশ পাওয়া গেলেও এখনো নাবিকের খোঁজ মেলেনি বলে উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে। ক্যারিবীয় সাগরে সৃষ্টি হওয়ার পর জ্যামাইকা, হাইতি ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগোয় স্যান্ডি। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যারিবীয় অঞ্চলের এ তিন দেশে। স্যান্ডির তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৬৭ জন নিহত হয়, যাদের মধ্যে হাইতিতেই মারা যায় ৫১ জন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, হ্যারিকেন স্যান্ডি স্থলভাগে উঠে এসে এখন পোস্ট ট্রপিক্যাল ঝড়ের রূপ নিয়েছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে তাণ্ডব চালিয়ে ও বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে এটি। পাশাপাশি পশ্চিম ভার্জিনিয়া, ভার্জিনিয়া ও কেন্টাকিতে ৩ ফুট পর্যন্ত তুষাপাতের আশঙ্কা করা হচ্ছে স্যান্ডির প্রভাবে। স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে বেসরকারি গবেষণা সংস্থা ইকিউইসিএটির প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে। গত বছরের হারিকেন আইরিনের ক্ষতির পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। আর ২০০৫ সালে প্রলয়ঙ্করী হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্তদের বিমা বাবদ দিতে হয়েছিল ৪৫ বিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১৩০৩ ঘ.