২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ‘অসাম্প্রদায়িক’ সমাবেশে পুলিশের বাধা

তুরস্কে নিষিদ্ধ ঘোষণা সত্বেও অসাম্প্রদায়িক কয়েক হাজার মানুষ ‘ইসলামি’ সরকারের ‘ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী’ আচরণের প্রতিবাদে সমাবেশ করার চেষ্টা করলে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও জলকামান নিয়ে বাধা দেয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 06:24 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

আঙ্কারা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে নিষিদ্ধ ঘোষণা সত্বেও অসাম্প্রদায়িক কয়েক হাজার মানুষ ‘ইসলামি’ সরকারের ‘ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী’ আচরণের প্রতিবাদে সমাবেশ করার চেষ্টা করলে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও জলকামান নিয়ে বাধা দেয় পুলিশ। দেশটির রাজধানী আঙ্কারায় সোমবার এ ঘটনা ঘটে। তুরস্কের জাতির পিতা মুস্তফা কামাল আতাতুর্ক দেশটিকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে গড়ে তুলেছিলেন যা এখনো বজায় আছে। কিন্তু একদিকে অসাম্প্রদায়িক তুর্কি ও অন্যদিকে ধর্মীয় রক্ষণশীল তুর্কিদের ক্রমবর্ধমান মতপার্থক্যের কারণে হয়ে পড়ছে তুর্কি সমাজ। তুরস্কের জাতীয় পতাকায় মুস্তফা কামালের ছবি আঁকা ব্যানার উঁচিয়ে হাজার হাজার নারী-পুরুষ সমাবেশে যোগ দেয়। গত বছর প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগানের দল ৫০ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারে মতো ক্ষমতায় এসেছে। কিন্তু এরদোগানের ‘একে’ পার্টির ইসলামি মনোভাবকে অসাম্প্রদায়িক তুরস্কের জন্য হুমকি বলে মনে করেন অনেকে। এদেরই একজন সমাবেশে যোগ দেয়া ৬৪ বছর বয়সী এরদেম সেভিঙ্ক বলেন, “তারা আমাদের দেশকে আরেকটি ইরান বা নব্য-অটোমান সা¤্রাজ্য বানানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে।” “এই রাষ্ট্রের মূল নীতিকে যারা নষ্ট করার চেষ্টা করছে আমরা তাদের একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজ এখানে সমবেত হয়েছি,” বলেন তিনি। একে পার্টি নিয়ন্ত্রিত আঙ্কারার স্থানীয় সরকার “গোয়েন্দা” প্রতিবেদনের উল্লেখ করে সমাবেশটি নিষিদ্ধ করে। “গোয়েন্দা” প্রতিবেদনে এ সমাবেশকে “বিশৃঙ্খলা” সৃষ্টিতে ব্যবহার করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তকে সরকার বিরোধীদের মুখ বন্ধ করার ষড়যন্ত্র বলে দাবি করেছে আন্দোলনকারীরা। আঙ্কারার নগর কেন্দ্রে সাবেক পার্লামেন্ট ভবনের সমানে হাজার হাজার অসাম্প্রদায়িক তুর্কি জড়ো হয়। তুরস্কের জাতীয় পতাকা দুলিয়ে তারা কামাল আতাতুর্কের সমাধির দিকে যাওয়ার চেষ্টা করে। “সরকারের পদত্যাগ চাই! তায়িপ তুমি সরে যাও!,” স্লোগান দেয় প্রতিবাদকারীরা। “আমরা মুস্তফা কামালের সৈনিক! তুরস্ক অসাম্প্রদায়িক আছে, অসাম্প্রদায়িক থাকবে,” বলেন তারা। পথে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়লে কিছু প্রতিবাদকারী বাধা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় পুলিশ কাঁদুনে গ্যাস ও জলকামান নিয়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। মিছিলে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরাও ছিল। পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের কয়েক ঘণ্টা হাঙ্গামার পর পুলিশ রাস্তায় বসানো সড়ক প্রতিবন্ধক সরিয়ে নেয়। পরে তিন কিলোমিটর দূরে অবস্থিত কামালের সমাধিতে প্রতিবাদকারীদের যাওয়ার অনুমতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২০ ঘ.