২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের কাছে উদ্বেগাকুল স্বজনদের ফোন

ঝড় যতই কাছে আসছে, নিউ ইয়র্কের প্রবাসীদের জন্য দেশে তাদের স্বজনদের উদ্বেগ ততই বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড় যতই কাছে আসছে, নিউ ইয়র্কের প্রবাসীদের জন্য দেশে তাদের স্বজনদের উদ্বেগ ততই বাড়ছে। শনিবার থেকে রোববার পর্যন্ত ঢাকাসহ নানা স্থান থেকে উদ্বিগ্ন স্বজনরা টেলিফোন করে খোঁজ-খবর নিচ্ছেন বলে জানালেন প্রবাসী অনেকেই। আবহাওয়ার বিভাগের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় স্যান্ডি নিউ ইয়র্ক সিটিসহ আশপাশে আঘাত হানবে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার পর। রাত ৮টায় ঝড় অতিক্রম করবে নিউ জার্সি। ঢাকা থেকে সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক ও কবি মুহাম্মদ সামাদ এবং কোস্টারিকা থেকে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমেদ রিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে টেলিফোন করে সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্ক কর্তৃপক্ষীয় সিদ্ধান্তে অচল হয়ে পড়লেও সোমবার সকাল পর্যন্ত ঝড় ছিল উপকূল থেকে ২০০ কিলোমিটার দূরে। তবে ক্যাসিনো সিটি হিসেবে পরিচিত আটলান্টিক সিটিতে ইতোমধ্যে পানি উঠেছে বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম বাবুল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘর-বাড়ি ছেড়ে চলে এসেছি এগ হারবার সিটিতে। এটি এখন পর্যন্ত নিরাপদ।” ওই শহরের বাসিন্দা আকবর হোসাইন বলেন, “ক্যাসিনোগুলো ভাসমান জাহাজের মতো মনে হচ্ছে। পানিতে থৈ থৈ করছে গোটা এলাকা। আমি পরিবারসহ ৬০ মাইল দূরে চলে এসেছি।” আটলান্টিক সিটিতে আটকা পড়া বাংলাদেশি সুমন মজুমদার বলেন, “আমার বাসায় এখনো পানি না উঠলেও আশপাশের প্রায় বাসায় পানি উঠেছে। তবে আমরাও নিরাপদ স্থানে সরে যাব।” নিউ জার্সির পেটারসনে বসবাসরত আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, “এখন পর্যন্ত বিপদমুক্ত রয়েছি। তবে আশপাশের অনেক এলাকায় পানি আসতে শুরু করেছে।” নিউ ইয়র্ক সিটির নিচু এলাকার প্রায় ৪ লাখ মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। নিউ ইয়র্কের পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন যে কেউ রয়ে গেছেন কি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫৫ ঘ.