২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা-রমনির ভাগ্য নির্ধারণ ওহাইওয়?

আর এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা আর মিট রমনি ভাগ্য নির্ধারণী রাজ্য হিসাবে দেখে আসছেন ওহাইওকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর এক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হোয়াইট হাউজ দখলের লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা আর মিট রমনি ভাগ্য নির্ধারণী রাজ্য হিসাবে দেখে আসছেন ওহাইওকেই। কিন্তু ভোট কাছিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে ওহাইও’র পাশাপাশি অন্য অঙ্গরাজ্য বিশেষত, কলোরাডো, আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারের ভূমিকাও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে দেখা যাচ্ছে। ফলে ওবামা-রমনির ভাগ্য নির্ধারণে এ রাজ্যগুলোও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি উভয়েরই পরিস্কারভাবে এ সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় এ ভোটের সবটাই যে তারা ওহাইও থেকেই পাচ্ছেন তা নয়। ওহাইও অঙ্গরাজ্যে ওবামা এখনো সামান্য এগিয়ে। কিন্তু রমনিও ধীরে ধীরে ব্যবধান কমিয়ে এনেছেন অন্যান্য নির্বাচনী লড়াইক্ষেত্রে। এমনকি ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ওবামার চেয়ে এগিয়েও আছেন তিনি। ওহাইওসহ আটটি অঙ্গরাজ্যকে (ফ্লোরিডা, কলোরাডো, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া, উইসকনসিন) ওবামা-রমনির প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওহাইওয় জয়-পরাজয় যাই হোক কলোরাডোসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে উভয় প্রার্থীরই জয়ের ভাল সম্ভাবনা রয়েছে। ফলে ওহাইও ছাড়াও দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে কলোরাডোর মতো অন্য অঙ্গরাজ্যেও। ওই রাজ্যে দু’প্রার্থীর অবস্থান সমান সমান। শিকাগোভিত্তিক রাজনৈতিক খবর ও জরিপের ফল প্রদানকারী প্রতিষ্ঠান রিঅ্যালক্লিয়ারপলিটিকস জানিয়েছে, ওবামার ২৩৭টি ও রমনির ২০১টি ইলেকটোরাল ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জাতীয় জরিপের ফল যোগ করে এ তথ্য জানিয়েছে তারা। তবে যে অঙ্গরাজ্যগুলোতে ওবামা-রমনির অবস্থান সমান সমান সেইগুলোতে ওবামার জয়ের সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। অঙ্গরাজ্যগুলোর ৯৫টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২০০৮ সালের নির্বাচনে সবগুলোতেই জিতেছিলেন ওবামা। কলোরাডোয় ৯টি, ফ্লোরিডায় ২৯টি, আইওয়ায় ৬টি, নেভাদায় ৬টি, নিউ হ্যাম্পশ্যায়ারে ৪টি, ওহাইওয় ১৮টি, ভার্জিনিয়ায় ১৩টি এবং উইসকনসিনে ১০টি ইলেকটোরাল ভোট রয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে সামান্য এগিয়ে আছেন ওবামা। ওহাইও, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার ও উইসকনসিনের মোট ৪৪টি ইলেকটোরাল ভোটে ওবামা জয় লাভ করতে পারলে আবারো তিনিই হবেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ওহাইও অঙ্গরাজ্যে হারলেও কলোরাডোয় জিতলেই ওবামা পেয়ে যাবেন ২৭০টি ইলেকটোরাল ভোট। ২০০৮ সালের নির্বাচনে এই অঙ্গরাজ্যে ওবামা জিতেছেন। কিন্তু এবার এ রাজ্যে রমনির সঙ্গে সমান অবস্থানে আছেন ওবামা। আবার ওদিকে, ওহাইও ছাড়া হোয়াইট হাউজের দখল পাওয়া রমনির জন্য কষ্টকর হলেও তা সম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.