লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডির কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। এর প্রভাবে নিউ ইয়র্কসহ ওই অঞ্চলের অন্যান্য রাজ্যে বয়ে যাচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি।
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে থমকে গেছে সদাব্যাস্ত নিউ ইয়র্কের জনজীবন। ম্যানহাটনের ব্যাটারি পার্ক সিটির বাঁধ ছাপিয়ে উঠেছে বন্যার পানি। বন্ধ হয়ে গেছে পরিবহন, ব্যবসা বাণিজ্য।
ব্রডওয়ে থিয়েটার ও নিউজার্সির ক্যাসিনোগুলোও বন্ধ হয়ে গেছে। এক বছর ধরে সংস্কার চলার পর স্ট্যাচু অব লিবার্টি গত রোববার খুলে দেওয়া হলেও বিরূপ আবহাওয়ার কারণে ঘণ্টাখানেকের মধ্যে তা আবার বন্ধ করে দেয়া হয়।
নিউইয়র্ক সিটির পাতাল ট্রেন ও বাস বন্ধ রাখা হয়েছে রোববার সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা) থেকে। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব¬ুমবার্গ এক নির্বাহী আদেশে জানিয়েছেন, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বাস ও পাতাল ট্রেন বন্ধ থাকবে।
মেয়রের নির্দেশে নিউ ইয়র্কের নিচু এলাকাগুলো থেকে ইতোমধ্যে পৌনে ৪ লাখ লোককে সরিয়ে নেয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও আটলান্টিক সিটির কয়েক হাজার বাংলাদেশিও ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
নিউ ইয়র্ক শহরের কয়েকটি এলাকায় ৭৬টি স্কুলকে আশ্রয়কেন্দ্রে পরিণত করেছে স্থানীয় প্রশাসন।
পূর্ণিমার প্রভাবে ১১ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কায় নিউইয়র্কসহ এ অঞ্চলের অন্যান্য রাজ্যে সোমবার সব স্কুল ছুটি ঘোষণা করা হয়। বাতিল করা হয় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোমবারের সব কর্মসূচি।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, সোমবার সকাল থেকেই শক্তিশালী রূপ নিয়ে আটলান্টিক সিটির ২০৫ মাইল দক্ষিণপূর্ব এবং নিউ ইয়র্কের ২৬০ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ধেয়ে আসছে ঝড়টি। ঘণ্টায় ৯০ মাইল বেগে অগ্রসর হচ্ছে উত্তর-পশ্চিমে। বাংলাদেশ সময় মঙ্গলবার প্রথম প্রহরে ঝড়টি আঘাত হানতে পারে।
প্রায় ২৪ থেকে ৩৬ ঘন্টা ধরে ১২ টি রাজ্যে তাণ্ডব ঘটাতে পারে এ ঝড়। এর প্রভাবে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পড়তে পারে ২৪ ইঞ্চি তুষার, ঘটতে পারে বিদ্যুৎ বিভ্রাট।
জনগণকে স্যান্ডির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “এটা বড় আর ভয়ঙ্কর ধরনের ঘূর্ণিঝড়।”
ক্যারিবীয় সাগরে সৃষ্টি হওয়ার পর জ্যামাইকা ও কিউবার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে অন্তত ৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে স্যান্ডি। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যারিবিয়া অঞ্চলের এ দুই দেশে। সংশ্লিষ্টরা বলছেন, এবার যুক্তরাষ্ট্রের প্রায় ৫ কোটি মানুষ এই ঘূর্ণিঝড়ের ঝুঁকির মুখে রয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ট্রেডিং ফ্লোর বন্ধ রাখার ঘোষণা দেয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষও। অবশ্য ইলেকট্রনিং ট্রেডিং অব্যাহত রাখার ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়েছে। এর আগে ১৯৮৫ সালে ঘূর্ণিঝড় গে¬ারিয়ার কারণে এই স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখা হয়েছিল।
স্যান্ডির কারণে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন, ডেলওয়ারে, কানেকটিকাট ও বস্টন বিমানবন্দরে গত দুই দিনে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ৩ হাজারেরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
আগামী ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনেও স্যান্ডি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশে¬ষকরা।
ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রেসিডেন্ট বরাক ওবামা এবং রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি দুজনেই প্রচারণার ধরন পাল্টে ফেলেছেন। ভোটাররাও নজর রাখছেন- হারিকেন উপদ্রুত অঞ্চলে কে কেমন ভূমিকা রাখেন তা দেখতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলকিউ/০০৩৮ ঘ.
bdnews24