ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর পক্ষে সাহায্য তহবিলের টাকা অপব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করেছে ফিলিপাইনের আদালত।
গ্লোরিয়া আদালতে হাজির হওয়ার পরে নিজের অব্যাহতির আবেদন করতে অস্বীকৃতি জানালেও আদালত তার পক্ষে একটি আবেদন গ্রহণ করে বলে সোমবার জানিয়েছে বিবিসি।
চলতি মাসের শুরুর দিকে গ্লোরিয়া অ্যারোইয়োর বিরুদ্ধে সহায়তা তহবিল থেকে ৮৮ লাখ মার্কিন ডলার অবৈধভাবে সরিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
বর্তমানে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের সদস্য গ্লোরিয়া একটি সামরিক হাসপাতাল থেকে গলায় নেকব্রেস লাগানো অবস্থায় হুইল চেয়ারে করে আদালতে হাজির হন। গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে থেকেই মেরুদ-ের সমস্যায় ভুগতে থাকা অ্যারোইয়ো শরীরে পানি শূন্যতার কারণে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে ২০০৭ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে গ্রেপ্তার হন তিনি। গত জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান।
তহবিল অপব্যবহারের মামলাটি তার বিরুদ্ধে দুর্নীতির তৃতীয় মামলা। এ অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে।
একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে দেয়া সংক্রান্ত একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তবে সবগুলো অভিযোগই অস্বীকার করেছেন তিনি।
ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো বলেন, তার বিরুদ্ধে মামলাগুলো দুর্নীতিবিরোধী অভিযানের অংশ।
তবে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকা গ্লোরিয়া অ্যারোইয়ো বলেন, প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে।
২০১১ সালের নভেম্বরে মেরুদ-ের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় প্রথমবার গ্রেপ্তার হন গ্লোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫২ ঘ.
bdnews24