২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িবোমা বিস্ফোরণে প্রকম্পিত দামেস্ক

সিরিয়ার রাজধানী দমেস্কে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দমেস্কে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ঈদুল আযহা উপলক্ষ্যে সিরিয়ায় শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতির শেষ দিনে এ হামলা হল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জারামানা এলাকায় এ হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। জারামানায় একটি রুটির দোকানের বাইরে গাড়িবোমা বিস্ফোরণ হয়। ‘সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমে অভিযোগ করা হয়েছে। বিস্ফোরণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং ৪১ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। বিদ্রোহীদের স্থানীয় সমন্বয় কমিটি বলেছে, পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সোমবার রাষ্ট্রীয় টিভি আরো জানায়, আরেকটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে আজার আল আসওয়াদ এলাকায়। এতে কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত জানা যায়নি। এর আগে সরকারি বাহিনীর জঙ্গি বিমান থেকে হারাস্তায় বোমা বর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। সিরীয় জঙ্গি বিমানগুলো রাজধানী দামেস্কসহ দেশের বিভিন্ন সুন্নি এলাকায় রোববার বোমা হামলা চালিয়েছে বলে জানায় তারা। এর মধ্য দিয়ে যেন যুদ্ধবিরতির অবসানই ঘোষণা করেছে সরকার। দু’পক্ষের কেউই যুদ্ধবিরতি মানছে না বলে দু:খ প্রকাশ করেছেন আন্তর্জাতিক শান্তিদূত ব্রাহিমি। সমন্বয় কমিটির স্থানীয় আন্দোলনকারী সংস্থা জানিয়েছে, বিমান হামলায় উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবের বারা এলাকায় নারী ও শিশুসহ ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বারা’র বিরাট একটি এলাকা বর্তমানে বিদ্রোহীদের দখলে রয়েছে। এলাকাটি উষর ও বন্ধুর। এখানে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। অভিজ্ঞ সরকারবিরোধী প্রচারক ফাওয়াজ তেলে¬া বার্লিন থেকে জানিয়েছেন, “যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রথম দিন থেকেই দামেস্কে প্রচণ্ড আকাশ হামলা শুরু হয় আর কয়েকশ’ লোককে গ্রেপ্তার করা হয়। বিদ্রোহীদের সঙ্গে তেলে¬ার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।” তেলে¬া আরো জানান, হমস শহরের সুন্নি এলাকাগুলো ও আশপাশের গ্রাম এলাকাগুলোতে রোববার সেনাবাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞা থাকায় সিরিয়ার সরকার বিরোধীদের এসব দাবি কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক শান্তিদূত লাখদার ব্রাহিমির মধ্যস্থতায় মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষ্যে শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের ছুটিতে সরকার পক্ষ ও বিদ্রোহীরা লড়াইয়ে বিরতি দিতে রাজি হয়েছিল। কিন্তু উভয়পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ আছে। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য সিরীয় সরকার “সন্ত্রাসীদের” দায়ী করেছে। আর বিরোধীরা অভিযোগ করেছে, জনবহুল এলাকার ওপর জঙ্গি বিমান হামলা ও ট্যাংক ও কামান থেকে গোলাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি অসম্ভব। গত ১৯ মাস ধরে চলা সিরিয়ার এই লড়াই-বিদ্রোহে অন্তত ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২১৫০ ঘ.