কাদুনা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় রোববার অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কাদুনার মালাই এলাকায় হামলাকারী সকালের দিকে বিস্ফোরক ভর্তি একটি জিপ চালিয়ে ‘সেন্ট রিটাস’ গির্জার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে বভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ৮ জন নিহত এবং ১০০’রও বেশি জনের আহত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)’র এক মুখপাত্র।
স্থানীয় দুটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক গোষ্ঠী বোকো হারাম অতীতে কয়েকটি গির্জায় বোমা ও গুলি হামলা চালিয়েছে এবং এর দায়ও স্বীকার করেছে।
কাদুনায়ও এর আগে এ ধরনের অনেক হামলা হয়েছে। ক্যাথলিক গির্জাটিতে প্রার্থনার জন্য উপসনাকারীরা জড়ো হলে রোববার হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সরকারের একজন মুখপাত্র জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কেউ যেন প্রতিশোধমূলক হামলা না চালায় এজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ঘ
bdnews24