ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম ও রাখাইন বুদ্ধদের মধ্যে সহিংসতায় ২২ হাজারের বেশি মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বাস্তুচ্যুতদের বেশিরভাগই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারি পরিদর্শকদের সঙ্গে জাতিসংঘের কর্মকর্তারা ঘরছাড়া মানুষদের পর্যবেক্ষণ করে জানিয়েছেন, অস্বাস্থ্যকর শিবির, নৌকা, দ্বীপ বা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়া মানুষদের জরুরি সহায়তা প্রয়োজন।
সাম্প্রতিক সহিংসতায় ৪ হাজার ৬শ’র বেশি বাড়ি-ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
এ সহিংসতায় ৮০ জনের মৃত্যু ও রাখাইন প্রদেশের সব গ্রাম ও শহরের কিছু কিছু এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার স্বীকার করেছে মিয়ানমার সরকার।
জুন মাসের পর গত সপ্তাহে রোববার থেকে দেশটিতে আবারো জাতিগত সহিংসতা শুরু হয়। জুনের সংঘর্ষে প্রায় ৮০ জন নিহত এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিল।
সবমিলিয়ে বর্তমানে প্রদেশটিতে গৃহহারা মানুষের সংখ্যা ১ লাখে দাঁড়িয়েছে। রাখাইন প্রদেশটি আরাকান নামেও পরিচিত। প্রদেশটিতে বহুদিন ধরে সংখ্যাগরিষ্ঠ রাখাইন ও মুসলিমদের মধ্যে জাতিগত উত্তেজনা বিরাজ করছে।
মুসলিমদের মধ্যে অনেক রোহিঙ্গা রয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ যাদের অবৈধ অভিবাসী বলে মনে করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪১ঘ.
bdnews24