আম্মান, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া শান্তিদূত ব্রাহিমির প্রস্তাবিত যুদ্ধবিরতি মানলেও কার্যত রক্তপাত ঘটিয়ে চলেছে। দামেস্কর পূর্বাঞ্চলীয় শহরতলীগুলোতে চলছে জঙ্গি বিমান থেকে বোমা হামলা।
দুদিন আগে যুদ্ধবিরতি শুরু হলেও রাজধানীর সুন্নি মুসলিম এলাকাগুলোতে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা।
তারা জানায়, রোববার দামেস্কর জামালকা, ইরবিন, হারাস্তায় রুশ-নির্মিত জঙ্গি বিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে সরকারি বাহিনী।
বিদ্রোহী সংগঠন হারাস্তা মেডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, হারাস্তার পানি সরবরাহ এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
বোমা হামলা বাড়তে থাকায় হারাস্তা জাতীয় হাসপাতালের আহতদের অন্যজায়গায় সরিয়ে নেয়া হয়েছে। উত্তরপূর্বের দৌমা শহরতলীতে সরকার-বিদ্রোহী লড়াই চলার খবর পাওয়া গেছে।
দামেস্কের পূর্বাঞ্চলীয় শহর দির এজর এবং উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলাগুলি চলছে।
গত শুক্রবার সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই সরকার-বিদ্রোহী লড়াই এবং দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে তা প- হয়।
যুদ্ধবিরতির প্রথম দিনেই সিরিয়ায় নিহত হয়েছে প্রায় ১৫০ জন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিহতের সংখ্যা প্রতিনিয়তই ১৫০ ছাড়িয়েছে।
শনিবার সকাল থেকেই দৌমা শহরতলীতে সেনাবাহিনীর মর্টার বোমা হামলা চলছে বলে জানিয়েছেন এক আন্দোলনকর্মী।
তিনি জানান, এক ঘন্টায় ১৫ টি করে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইতোমধ্যে ২ জন মারাও গেছে। যুদ্ধবিরতির আগের আর পরের অবস্থার কোনো তফাৎ নেই, বলেন তিনি।
চারপাশে সুন্নি অধ্যুষিত দামেস্ক ১৯ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরূদ্ধে চলা গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আসাদ শিয়া ইসলামপন্থীদের একটি শাখা আলাওয়িতে গোষ্ঠীর সদস্য।
সিরিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক শান্তি দূত লাখদার ব্রাহিমির আহ্বানে শুক্রবার থেকে দেশটিতে কগজে-কলমে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়।
সিরিয়া সহিংসতায় এ পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধবিরতির মাধ্যমে এ সহিংসতা বন্ধের প্রত্যাশা করা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১১ঘ
bdnews24