২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুলে নিরাশ মনমোহন

মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যানকারী রাহুল গান্ধীকে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি করা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিসভায় রাহুল গান্ধীর যোগ না দেয়ার সিদ্ধান্তে স্পষ্টতই হতাশ হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে সোনিয়ার ছেলে রাহুলকে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু দলকে বেশি সময় দেয়ার জন্য ওই আমন্ত্রণ রাহুল রক্ষা করেননি বলে এনডিটিভি জানিয়েছে। গান্ধী পরিবারের সন্তান এবং কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাহুলকে এর আগেও সরকারে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন মনমোহন, কিন্তু তাকে নিরাশ হতে হয়েছে। রোববারই মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন করেন মনমোহন। এতে নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২২জন। বর্তমান সরকারের মেয়াদে এটাই মন্ত্রিসভায় সর্বশেষ রদবদল বলে মনমোহন জানিয়েছেন। এই রদবদলের আগে রাহুলকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতারাও রাহুলকে মন্ত্রিসভায় যোগ দিতে প্রকাশ্য আহ্বান জানিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর নাতি ও রাজীব গান্ধীর ছেলে রাহুলকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কংগ্রেসের তরুণ নেতা-কর্মীরা। মনমোহন সিংয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাহুলের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী হতাশ হয়েছেন। রাহুল জানিয়েছেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তিনি এখন দল শক্তিশালী করতে ভূমিকা রাখতে চান। কংগ্রেস সূত্র জানায়, নির্বাচনের আগে রাহুলকে দলের কার্যনির্বাহী সভাপতি করা হচ্ছে। বর্তমানে দলের সভাপতির দায়িত্ব পালন করছেন রাহুলের মা সোনিয়া গান্ধী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৩২ ঘ.