হনলুলু, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াইয়ে সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রোববার দুপুর আড়াইটা) প্রথম ঢেউটি আঘাত হানে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির প্রথম ঢেউয়ের উচ্চতা ছিল তিন ফুটের মতো। যতোটা আশঙ্কা করা হচ্ছিল ঢেউয়ে ততোটা শক্তি ছিল না।
সিনিয়র ভূ-পদার্থবিদ জেরার্ড ফ্রেয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা যে সময়ে আঘাত হানার আশঙ্কা করেছিলাম, ঠিক সেই সময়েই সুনামি আঘাত হেনেছে। আমি ভেবেছিলাম এর শক্তি আরো বেশি হবে।”
কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হওয়ার পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াইয়ে সুনামি সতর্কতা জারি করে উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রায় দেড় লাখ অধিবাসীকে দ্রুত ওই এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলে।
সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সুনামি সতর্কতা জারির পরে স্বল্প সময়ের মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথা জানানো হলে উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন রাস্তায় বিশাল যানজট দেখা দেয়। বিভিন্ন পেট্রোল পাম্প ও অন্যান্য জ্বালানি সরবরাহ কেন্দ্রে প্রচুর গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
হাওয়াইয়ের গর্ভনর পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেন। বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে দশনার্থীদের নিজ নিজ বাড়ি বা নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানানো হয়।
কিন্তু আশঙ্কার তুলনায় ঢেউয়ের উচ্চতা কম হওয়ায় পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।
কানাডার বৃটিশ কলাম্বিয়া উপকূলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে উপকূল থেকে কমপক্ষে ১ লাখ লোক বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল।
রোববার স্থানীয় সময় দুপুর ১টার কিছুক্ষণ পর সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।
তবে অঙ্গরাজ্যের নিরপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র সৈকত ও বন্দরগুলো আরো কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। এছাড়া স্থানীয় অধিবাসীদের পানি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তারা।
তাৎক্ষণিকভাবে কোন হাতহত, ভয়াবহ বন্যা বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞানীরা শুরুতে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, কোন কোন স্থানে ঢেউয়ের উচ্চতা ৬ ফুট পর্যন্ত হতে পারে। কিন্তু ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ২ দশমিক ৫ ফুট পর্যন্ত ছিল বলে জানা গেছে।
এর আগে স্থানীয় সময় শনিবার রাতে কানাডার হাইডা জিওয়াই অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-মধ্য এলাকায় এর মাত্রা ছিল বেশি।
ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা ৭.৭ জানালেও কানাডার ভূকম্পন কেন্দ্র জানিয়েছে- মাত্রা ছিল ৭.১।
তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিট্রিশ কলম্বিয়া উপকূলে ভূমিকম্প হওয়ার পরপরই কানাডার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র- এনভায়রনমেন্ট কানাডাও সুনামি সতর্কতা জারি করে।
সংস্থাটি ভ্যানক্যুভার আইল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত নিম্নাঞ্চলের অধিবাসীদের উঁচুস্থানে সরে যেতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.
bdnews24