২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যান্ডির হুমকিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সপ্তাহ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারে হুমকি হয়ে দাঁড়িয়েছে হারিকেন স্যান্ডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 07:07 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দোরগোড়ায় প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারে হুমকি হয়ে দাঁড়িয়েছে হারিকেন স্যান্ডি। যুক্তরাষ্ট্রে ধেয়ে চলা স্যান্ডির কারণে আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারাভিযানের সময়সূচি বদলাতে বাধ্য হচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, বাদ দিতে হচ্ছে আরো অনেক কর্মসূচিও। ক্যারিবিয়ান অঞ্চলের কয়েকটি দেশে আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পশ্চিম তীরের দিকে এগিয়েছে শীতকালীন ঝড় স্যান্ডি। বর্তমানে প্রচারণা অভিযান চলতে থাকা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আটটি অঙ্গরাজ্যের দু’টি এ ঘূর্ণিঝড়ের গতিপথের মধ্যে পড়েছে। সোমবার সকালের মধ্যে স্যান্ডি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দুর্যোগের পূর্বপ্রস্তুতির বিষয়ে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেরিল্যান্ড, নিউইয়র্ক, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার ভার্জিনিয়া প্রচারণা অভিযান বাতিল করেন। পরে ওহাইওর দিকে রওনা দেন তিনি। ওদিকে, হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামা ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সোমবার ভার্জিনিয়া ও মঙ্গলবার কলোরাডোয় প্রচারণা কর্মসূচি বাতিল করেছেন। রোববার তিনি ফ্লোরিডা যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও দুর্যোগ প্রস্তুতির অংশ হিসেবে উপকূলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় প্রচারণা কর্মসূচি বাতিল করেছেন। অন্যদিকে, শনিবার আরেক উপকূলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে আগাম ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রগুলোতে অনেক ভোটারকে ভিড় করতে দেখা যায়। ওহাইও, ফ্লোরিডার মতো গুরুত্বপূর্ণ দুটি অঙ্গরাজ্য ঘূর্ণিঝড়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকায় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি ৬ নভেম্বরের নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে। এ ঝড়ে প্রায় ছয় কোটি মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। প্রায় এক সপ্তাহ ধরে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশে এ ঝড়ের সময় নানা ধরনের দুর্ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় স্যান্ডিকে ‘ফ্র্যাঙ্কেনস্টর্ম’ নামে ডাকতে শুরু করেছেন আবহাওয়াবিদরা। ঝড়টি ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর আশেপাশে বাতাসের বেগ ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১২৪৪ঘ.