বার্মিংহাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিকিৎসা শেষে ইউসুফজাই মালালা আবারো তার স্বপ্ন পূরণে ‘জেগে উঠবে’ বলে শুক্রবার মন্তব্য করেছেন তার বাবা।
নারী শিক্ষার অধিকার নিশ্চিত করতে আন্দোলনরত ১৫ বছর বয়সী এই পাকিস্তানি কিশোরীর ওপর ৯ অক্টোবর হামলা চালায় দেশটির তালেবান জঙ্গিরা।
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চিকিৎসাধীন মালালার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই।
মাথা ও ঘাড়ে গুলি লেগে আহত মালালাকে সঙ্গ দিতে বৃহস্পতিবার তার বাবাসহ পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে যান।
এ হামলায় নিন্দা প্রকাশ করেছে সারা বিশ্ব। আবেগ জড়িত কন্ঠে তারা বাবা বলেন, “তারা তাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু সে সাময়িকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। সে আবার দাঁড়াবে।”
তিনি আরো বলেন, “যখন সে পড়ে গেছে, পাকিস্তান দাঁড়িয়েছে... এটাই ঘুরে দাঁড়ানোর সময়। এই প্রথম বারের মত পাকিস্তানে সব রাজনৈতিক দল, সরকার, শিশু, বয়স্করা একসাথে কাঁদছে এবং তার জন্য প্রার্থনা করছে।”
তালেবান জানিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলা ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করায় তারা মালালার ওপর হামলা চালিয়েছে।
পাকিস্তানি তালেবানরা সোয়াত উপত্যকা দখল করে সেখানে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর তাদের বিরূদ্ধে মুখ খুলেছিল ১১ বছর বয়সী মালালা।
সে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার ওপর আবারো হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তালেবানরা। তার বাবাকেও হত্যার হুমকি দিয়েছে তারা।
মালালা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।
মালালার বাবা জানিয়েছেন, সে ফোন করে তাকে নবম শ্রেণির পাঠ্যপুস্তক নিয়ে আসতে বলেছিল যেন সে পড়াশোনা করে পরীক্ষায় অংশ নিতে পারে।
জিয়াউদ্দিন ইউসুফজাই বলেন, “আমরা খুবই আনন্দিত... আমি তার মঙ্গল কামনা করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.
bdnews24