ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মন্ত্রিসভায় রদবদল আসছে এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা।
শুক্রবার প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র পাঠানোর পর ৮০ বছর বয়সী এই কংগ্রেস নেতা বঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, “আমি তরুণদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছি।”
এনডিটিভি’র খবরে বলা হয়েছে কৃষ্ণার স্থলাভিষিক্ত কাকে করা হবে তা এখনো জানা না গেলেও কয়েকটি সূত্র জানিয়েছে রাহুল গান্ধিকে এ পদে বসানো হতে পারে।
তবে রাহুলের ঘনিষ্ঠজনরা বলছেন, এ পর্যন্ত সরকারে যোগ দিতে অনীহাই প্রকাশ করে এসেছেন রাহুল।
তিনি ছাড়াও এ পদে আরো তিনজনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আম্বিকা সোনি, বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এবং এইচআরডি ও টেলিকম মন্ত্রী কপিল সিবাল।
মন্ত্রিসভায় রদবদল করে কয়েকজন তরুণ মুখই নেয়া হবে বলে ধরণা করা হচ্ছে।
ওদিকে, পদত্যাগের পর কৃষ্ণার করণীয় সম্পর্কে কংগ্রেসের কয়েকটি সূত্র জানিয়েছে, পার্টির নানা বিষয় সামাল দেয়ার জন্য কর্ণাটকে তার প্রয়োজন পড়বে।
আগামী মে মাসের আগে কর্ণাটক রাজ্য পরিষদের নির্বাচন অনিুষ্ঠিত হবে। ওই নির্বাচনে সাবেক এ মূখ্যমন্ত্রী দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে ধারনা করা হচ্ছে। এ পদত্যাগ তার একটি ইঙ্গিত।
এনডিটিভিকে কৃষ্ণাও এ ব্যাপারে বলেন, “আমি দলের অনুগত কর্মী। আর তাই দলের জন্য কাজ করে যাব।”
কৃষ্ণা কর্ণাটকের মূখ্যমন্ত্রীও ছিলেন। আগামী নির্বাচনে রাজ্যটিতে দলের অবস্থান শক্ত করতে প্রচারাভিযানে নেতৃত্ব দেবেন তিনি।
২০০৯ সালে ভারতে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পরই কৃষ্ণাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনার মধ্যে তার নামও রয়েছে বলে গুঞ্জন চলছিল।
মন্ত্রিসভায় প্রতিটি রদবদলের আগেই কৃষ্ণাকে সরানো হতে পারে বলে গুঞ্জন শোনা যেত। তবে এতদিন সে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বহাল তবিয়তেই থেকেছেন কৃষ্ণা। আর এবার তরুণদেরকে জায়গা করে দেয়ার জন্যই তার এই সরে যাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২০ঘ.
bdnews24