শিকাগো, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনের সপ্তাহখানেক আগেই বৃহস্পতিবার নিজ শহর শিকাগোতে আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ওবামাই প্রথমবারের মত আগাম ভোট দিলেন।
ভোটারদের আগাম ভোটে উৎসাহিত করার জন্য প্রচারাভিযানের অংশ হিসেবেই তার এই আগাম ভোট। এ সপ্তাহেই অনেক রাজ্যে ভোট দেয়া শুরু হয়েছে।
ফার্স্ট লেডি মিশেল ওবামা গত ১৫ অক্টোবর নিজের ভোটটি দিয়েছেন।
ইতিমধ্যেই প্রায় ৭২ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। ৬ নভেম্বর নির্বাচনের আগেই ৩৫ শতাংশ ভোটার তাদের ভোট দিয়ে দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৬ নভেম্বর নির্বাচনের আগে আইওয়া, কলোরাডো, ওহাইও, নেভেডা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ইলিনয়েস ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে টানা ৪৮ ঘণ্টার প্রচারাভিযানে রয়েছেন ওবামা। অভিযানের ফাঁকে শিকাগোতে যাত্রা বিরতি করে নিজের ভোটটি দেন ওবামা।
সাধারণত এ আটটি অঙ্গরাজ্যের ভোটের ব্যবধানই হোয়াইট হাউজের টিকেট নির্ধারণ করে দেয়।
রিপাবলিকান প্রার্থী ওহাইও রাজ্যের জয় লাভ না করে এপর্যন্ত একবারও চূড়ান্ত জয় পায়িনি।
রিপাবলিকান প্রার্থী মিট রমনি এখন দোদুল্যমান ভোটারদের শহর ওহিওতে প্রচারনা চালাচ্ছেন।
এদিকে নির্বাচনের মাত্র ১৩ দিন বাকি থাকতে এবিসি নিউজ পরিচালিত এক জরিপে দেখা গেছে ৪৭ থেকে ৫০ শতাংশ ভোটার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে রমনিকে সমর্থন করছেন।
জরিপে দেখা যায়, আগামী দিনে যুক্তরাষ্ট্রে অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৫২ শতাংশ ভোটার রমনির ওপর আস্থাশীল। এ বিষয়ে ওবামার পক্ষে ভোট পড়েছে মাত্র ৪৩ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/কিউএইচ/১৪৩৩ ঘ.
bdnews24