২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ঈদের দিনে মসজিদে হামলা, নিহত ৪০

আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারিয়াব প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারিয়াব প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। ফারিয়াব প্রদেশের রাজধানী মায়নামার একটি মসজিদের সামনে ঈদুল আযহার নামাজের জামাতে এ বোমা হামলা ঘটে। স্থানীয় পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই বলেন, লোকজন ঈদের শুভেচ্ছা বিনিময় করার সময় সকাল ৯ টায় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়। আঞ্চলিক পুলিশ প্রধান জেনারেল আব্দুল খালিক আকশাই হামলার লক্ষ্য ছিল বলে ধারণা প্রকাশ করেন তিনি। “পুলিশ প্রধান হামলাকারীর যানবাহনের দিকে এগিয়ে যাওয়া মাত্র বোমা বিস্ফোরণ ঘটে,” বলেন আহমাদজাই। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য বলে জানিয়েছেন এক কর্মকর্তা। ফারিয়াব প্রদেশের ডেপুটি গভর্নর আব্দুল সাতার বারেজ বলেন, হামলাকারী নিজেও পুলিশের উর্দি পরা ছিলো। তবে প্রাদেশিক গভর্নর ও পুলিশ প্রধান এ হামলায় কোনো গুরুতর আঘাত পাননি বলে জানান ওই কর্মকর্তা। আকশাই এ হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন। তবে এক তালেবান মুখপাত্র বলেছেন, হামলার জন্য কারা দায়ী তা তারা খতিয়ে দেখছে। প্রেসিডেন্ট হামিদ কারজাই এ হামলার নিন্দা জানিয়েছেন। আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে বোমা হামলার ঘটনা খুবই দুর্লভ। ফারিয়াব প্রদেশ শান্তিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত। তবে এ বছরের এপ্রিল মাসে মায়নামায় একটি সরকারি মিটিংয়ে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৩২ ঘ.