হাভানা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় স্যান্ডি কিউবায় আঘাত হেনেছে। তবে এ ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে কিউবার দক্ষিণপূর্বাঞ্চলের শহর সান্তিয়াগো দে কিউবার উপর দিয়ে ঘুর্ণিঝড়টি বয়ে যায়। এসময় বাতাসের বেগ ছিলো প্রতি ঘণ্টায় গড়ে ১০৫ কিলোমিটার।
রাজধানী হাভানা থেকে প্রায় ৭৫৬ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবায় ঝড়ে অনেক গাছ উপড়ে যায়। শহরটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শহরটিতে ঘণ্টায় সর্বোচ্চ ১৫২ কিলোমিটার পর্যন্ত গতিতে বাতাস বয়ে যায়।
জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় ঝড়ের আগেই শহরটির অন্তত ৫৫ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া অন্তত এক হাজার পর্যটক নিরাপদ আশ্রয়ে অবস্থান করেন।
কিউবার পূর্বাঞ্চলে সব ধরনের বিমান, বাস ও রেল চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া এ অঞ্চলের সব খাদ্যশস্য ও অর্থকরী ফসল গুদামজাত করে ফেলা হয়।
কিউবার আবহাওয়া দপ্তরের কর্মকর্তা হোসে রুবিয়েরা জানান, শহরের পশ্চিমে সাগওে ঘুর্ণিঝড়টির কেন্দ্রে প্রায় ২ মিটার উঁচু ঢেউ সৃষ্টি হয়। ঝড়ের প্রভাবে বেশিরভাগ এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়।
কিউবায় আঘাত হানার আগে জামাইকাতে আঘাত হানে ঘূর্ণিঝড় স্যান্ডি। সেখানে বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রচুর বাড়িঘর বিধ্বস্ত হয় এবং রাস্তাঘাট পানিতে ডুবে যায়।
জামাইকার রাজাধানী কিংসটনের কাছে একটি গ্রামে ঝড়ের সময় পাহাড় থেকে পড়া পাথরের নিচে চাপা পড়ে একজনের মৃত্যুও খবর পাওয়া যায়।
ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে সরে বাহামার দিকে অগ্রসর হচ্ছে বলে বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তা বাহামায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৮১৪ঘ.
bdnews24