ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পাদকের সঙ্গে মতবিরোধের জেরে সাংবাদিকতা ছেড়ে দিচ্ছেন ক্লার্ক কেন্ট, যাকে এই পৃথিবীর মানুষ চেনে ‘সুপারম্যান’ পরিচয়ে।
এই কমিক সিরিজের নতুন সংখ্যায় দেখা যাবে, ডেইলি প্ল্যানেট পত্রিকার প্রতিবেদকের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।
সুপারম্যান সিরিজের প্রকাশক ডিসি কমিকস জনিয়েছে, সংবাদের গুরুত্ব নিয়ে সম্পাদকের মতপার্থক্যের কারণেই পদত্যাগ করছেন কেন্ট।
‘সুপারহিরো’ সুপারম্যান ছদ্মবেশে মানুষ হিসাবে যে পত্রিকায় কাজ করেন, তার মালিকানা সম্প্রতি একটি কর্পোরেট গ্রুপের হাতে চলে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। আর এর জেরেই সাংবাদিকতা ছেড়ে নিজের মতামত সবার কাছে তুলে ধরতে এখন থেকে ব্লগার বনে যাবেন তিনি।
১৯৩২ সালে মার্কিন কার্টুনিস্ট জেরি সিগাল ও জো শাস্টারের কলমে সুপারম্যান চরিত্রটির সৃষ্টি। পরে ১৯৩৮ সালে তারা ডিটেকটিভ কমিকস বা ডিসি কমিকসের কাছে এর স্বত্ত্ব বিক্রি করে দেন।
চরিত্রটি প্রথম প্রকাশিত হয় আসে ১৯৩৮ সালের জুন মাসে। এরপর টেলিভিশন সিরিয়াল, চলচ্চিত্র, ভিডিও গেইমসহ বহুভাবে পাঠক-দর্শকদের সামনে এসেছেন পৃথিবীর ত্রাতা সুপারম্যান। এমনকি সুপারম্যানের পোশাকের আদলে লাল-নীল-হলুদ অর্ন্তবাসও বিক্রি হয়েছে দেরার। সুপারম্যানের পোশাকের বুকে আঁকা ‘এস’ প্রতীকটি পরিচিতি পেয়েছে বিশ্বময়।
এই কমিক স্ট্রিপের কাহিনী অনুযায়ী, ক্রিপটন গ্রহে জন্ম নেয়া ‘কাল এল’ শৈশবেই পৃথিবীতে চলে আসে এক মহাকাশযানে চড়ে। আমেরিকার এক কৃষক পরিবারে ক্লার্ক কেন্ট নামে বেড়ে ওঠে সে। পরিণত বয়সে কেন্ট পরিচয়ে সাংবাদিকতার পাশাপাশি ‘সুপারম্যান’ হিসাবে তিনি পৃথিবীকে রক্ষা করে চলেন নানা দুর্যোগ থেকে।
প্রায় ৭০ বছর ধরে চলে আসা বিপুল জনপ্রিয় এই কমিক স্ট্রিপের লেখক স্কট লোবডেল ইউএসএ টুডেকে বলেন, ‘সুপারম্যানকে’ নিয়ে সবার আগে গরম গরম খবর দিতে না পারায় ডেইলি প্ল্যানেটের প্রধান সম্পাদক পেরি হোয়াইট প্রায়ই কথা শোনান কেন্টকে। তাছাড়া পত্রিকায় কর্পোরেট ভাবধারাও দিন দিন বাড়ছে। এর প্রতিবাদেই কেন্ট চাকরি ছেড়ে দিচ্ছেন।
“সুপারম্যানই সম্ভবত এই গ্রহের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তাহলে একজন প্রায়ই তার কানের পাশে এসে গাম শ্বাস ফেলবেন এবং বিশ্বের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষটির মতো আচরণ করবেন তার সঙ্গে- এমন আচরণ আর কাহাতক সহ্য করা যায় বলেন।”
সুপারম্যানের নতুন এই সংস্করণ প্রকাশিত হওয়ার কথা বুধবারই। তবে তার আগেই ইন্টারনেটে চলে আসা ওই সংখ্যার একটি পৃষ্ঠায় হতাশ কেন্টকে বলতে দেখা যায়, “সংবাদ কেমন হওয়া উচিৎ- তা নিয়ে আমাকেই কেন গজগজ করতে হবে।”
চল্লিশের দশক থেকে সুপারম্যান সিরিজের কমিক বই বের করে আসছে ডিসি কমিকস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24