ওয়াশিংটন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া থেকে পাওয়া ইমেইলের ওপর নির্ভর করে বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলায় একটি ইসলামিক গোষ্ঠী জড়িত বলে হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবী করেছিলেন।
যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র থেকে রয়টার্সের কাছে আসা ৩টি দাপ্তরিক ইমেইল বার্তায় এমন প্রমাণ পাওয়া গেছে। সূত্রের পরিচয় গোপন রাখার শর্তে ওই সরকারি ইমেইলগুলো রয়টার্সকে দেওয়া হয়।
ইমেইলগুলোতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, আনসার আল শরিয়া নামের একটি লিবীয় গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেছে।
হামলা চলাকালে ওয়াশিংটনের কাছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা হামলাটিকে কিভাবে তুলে ধরছেন তাও সংক্ষিপ্ত ওই ইমেইল বার্তাগুলো থেকে জানা গেছে।
বেনগাজির ওই হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও আরো তিন মার্কিন নাগরিক নিহত হন।
রয়টার্সের কাছে আসা ওই তিনটি ইমেইল ১১ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন্স সেন্টার থেকে হোয়াইট হাউজ, পেন্টাগন, এফবিআইসহ গোয়েন্দা চক্রগুলোতে পাঠানো হয়।
প্রথম ইমেইলে সময় উল্লেখ আছে, ওয়াশিংটন সময় বিকেল ৪টা পাঁচ (বেনগাজি সময় রাত ১০ টা পাঁচ), এই সময়টি বেনগাজিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা শুরু হওয়ার ২০ থেকে ৩০ মিনিট পর পাঠানো হয়।
এতে বিষয় হিসেবে ,“হামলার কবলে বেনগাজির যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন” এই লাইনটি লেখা ছিল আর বার্তাটি “স্পর্শকাতর কিন্তু অগোপনীয়” হিসেবে উল্লেখিত ছিল।
ওই ইমেইলে বলা হয়, “যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস জানিয়েছে বেনগাজির কূটনৈতিক মিশনে হামলা চলছে। ত্রিপোলির দূতাবাস থেকে জানানো হয়েছে প্রায় ২০ জন সশস্ত্র লোক গুলি করছে, এর সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। রাষ্ট্রদূত স্টিভেন, যিনি এখন বেনগাজিতে আছেন, ও আরো চারজন কূটনীতিক বেনগাজি কনস্যুলের সেইফ হেভেনে আছেন। ১৭ ফেব্র“য়ারি বেসামরিক বাহিনী তাদের নিরাপত্তার দায়িত্বে আছে।”
দ্বিতীয় ইমেইলের শিরোনাম ছিল, “আপডেট ১ : বেনগাজির যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন”, সময় ছিল ওয়াশিংটন সময় বিকেল ৪টা ৫৪।
এতে জানানো হয়, “ত্রিপোলির দূতাবাস জানিয়েছে বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে গোলাগুলি থেমেছে এবং মিশন ভবনটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে একটি উদ্ধারকারী দল প্রস্তুতি নিচ্ছে।”
ওয়াশিংটন সময় বিকেল ৬ টা ০৭ এ পাঠানো ৩য় ইমেইলেও “স্পর্শকাতর কিন্তু অগোপনীয়” উল্লেখ করে বিষয় হিসেবে লেখা হয়, “আপডেট ২ : আনসার আল শরিয়ার বেনগাজি হামলার দায়িত্ব স্বীকার।”
এখানে জানানো হয়, “ত্রিপোলির দূতাবাস জানিয়েছে এই গোষ্ঠীটি ফেইসবুক ও ট্যুইটারে বেনগাজি হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং ত্রিপোলির দূতাবাসে হামলার ডাক দিয়েছে।”
এসব বার্তা থেকে প্রতীয়মান হয় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত উগ্রবাদীরা সম্ভবত হামলার সঙ্গে জড়িত। তবে বিক্ষুব্ধদের স্বতঃস্ফূর্ত হামলার প্রমাণও এতে আছে।
হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা এটিকে আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট অথবা তাদের প্রতি সহানুভূতিশীল জঙ্গিদের “সন্ত্রাসী হামলা” হিসেবে বর্ণনা করেছিলেন।
সিআইএ’র একটি আগোছালো অনুমানের ওপর ভিত্তি করে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নিসহ যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মুখপাত্ররা কয়েকদিন ধরে বলতে থাকেন, ইসলামবিরোধী একটি চলচ্চিত্রের প্রতিক্রিয়ায় স্বতঃস্ফূর্ত বিক্ষুব্ধ লোকজন সম্ভবত এ হামলা চালিয়েছে।
২৮ সেপ্টেম্বর গোয়েন্দা কর্মকর্তারা হামলার সঙ্গে আল কায়েদা বা অন্য কোনো সুনির্দিষ্ট জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা উল্লেখ না করা পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তারা ঘটনার সঙ্গে “উগ্রপন্থীদের” সংশ্লিষ্টতার কোনো উল্লেখ করেননি।
কোনো কিছু পরিষ্কার হওয়ার আগে সরকারী কর্মকর্তারা কোনো পক্ষের দিকে আঙ্গুলি নির্দেশ করার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
এই ইমেইলের বিষয়ে হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৩ ঘ.
bdnews24