ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে ১২ রোগী নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৬০ জনেরও বেশি মানুষ।
মঙ্গলবার ভোরে তাইওয়ানের তাইনান শহরের একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
হাসপাতালটিতে চিকিৎসাধীন অধিকাংশ রোগীই বয়স্ক এবং তাদের বেশিরভাগই ছিলেন শয্যাশায়ী।
হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে রোগীদের মৃত্যু হয়েছে। আহত রোগীদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি।
এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া একজন তাইওয়ানের কেন্দ্রীয় সংবাদ সংস্থাকে বলেন, “পিচের মতো কালো অসহনীয় ধোঁয়ায় সবকিছু ভরে গিয়েছিল।”
হাসপাতালটিতে শতাধিক রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের বেশির ভাগই নিজে নিজে চলাফেরা করতে অক্ষম ছিলেন।
স্থানীয় সময় ভোর সোয়া ৪ টায় হাসপাতালটিতে আগুন লাগে। ১০ মিনিটের মধ্যে অগ্নিনির্বাপন কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
তাইওয়ানের প্রধানমন্ত্রী শেন চেন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২২ ঘ.
bdnews24