২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থতার খবর ‘ভুয়া’ প্রমাণ করে প্রকাশ্যে কাস্ত্রো

কিউবার নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুর দোর গোড়ায়- এমন গুজব মিথ্যা প্রমাণ করে গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

হাভানা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুর দোর গোড়ায়- এমন গুজব মিথ্যা প্রমাণ করে গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি। কিউবার রাজধানী হাভানার হোটেল ন্যাসিওনালের এক কর্মী জানান, শনিবার ভেনেজুয়েলার এক রাজনীতিককে গাড়িতে করে নামিয়ে দিয়ে যান কাস্ত্রো। ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া বলেন, কাস্ত্রোর সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টার এক বৈঠকে অংশ নিয়ে হোটেলে ফিরছিলেন তিনি। হোটেল ন্যাসিওনালে সমবেত সাংবাদিকদের জাউয়া বলেন, “ফিদেল কাস্ত্রো ভালো আছেন, সুস্থ্য আছেন।” ছোট ভাই রাউল কাস্ত্রো ২০০৬ সালে কিউবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ৮৬ বছর বয়সী ফিদেল কাস্ত্রোর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের গুজব শোনা যায় বিভিন্ন সময়ে। গত কয়েক মাস ধরে তিনি লোকচক্ষুর আড়ালে থাকায় ব্লগ ও টুইটারে গুজব ছড়ায়- হয় তিনি হয় মারা গেছেন, অথবা মৃত্যুর দোর গোড়ায় রয়েছেন। এ বিষয়ে হোটেল ন্যাসিওনালের ব্যবস্থাপক মার্তিনেজ রডরিগেজ রয়টার্সকে বলেন, “হ্যাঁ, গতকাল তিনি এখানে এসেছিলেন। তিনি খুব ভালো আছেন।” কাস্ত্রো একটি ধূসর রঙের মার্সিডিজ গাড়িতে বসেছিলেন। তবে গাড়ি থেকে তিনি নামেননি। রোববার সন্ধ্যায় কিউবার টেলিভিশনের খবরে জানানো হয়, সোমবার ফিদেল ও ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্টের বৈঠকের ছবি ও এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ হবে। ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর রাষ্ট্রীয় গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন কাস্ত্রো। তবে গত ১৯ জুনের পর থেকে তার আর কোনো লেখা প্রকাশ হয়নি। গত মার্চে পোপ বেনেডিক্টের সঙ্গে সাক্ষাতের সময় সর্বশেষ জনসম্মুখে আসেন কাস্ত্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১০৫০ ঘ.