মুরসির বিরুদ্ধে মিশরীয় বিচারকদের বিদ্রোহ
নতুন ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মোহামেদ মুরসি তার নির্বাহী ক্ষমতা বিচারকদের ক্ষমতার সীমা পর্যন্ত প্রসারিত করেছেন বলে অভিযোগ করেছেন মিশরের বিচারপতিরা। ডিক্রিটির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
নতুন ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মোহামেদ মুরসি তার নির্বাহী ক্ষমতা বিচারকদের ক্ষমতার সীমা পর্যন্ত প্রসারিত করেছেন বলে অভিযোগ করেছেন মিশরের বিচারপতিরা। ডিক্রিটির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
শনিবার কায়রোতে মিশরীয় বিচারপতিদের সংগঠন ‘দ্যা জাজেস ক্লাব’র এক বৈঠকে এ অভিযোগ করেন তারা।
মুরসির নতুন এই ডিক্রি জারির পর সৃষ্ট সঙ্কটে দেশটির গভীর রাজনৈতিক বিভক্তি প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্টের জারিকৃত এই ডিক্রির প্রতিবাদে সরকার বিরোধীরা মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ডিক্রিটির প্রতি সমর্থন জানিয়ে একই দিন মুরসির সমর্থক রাজনৈতিক দলগুলোও মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তার সহযোগীদের বিচার পুনরায় শুরু করতে ডিক্রিটি জারি করেন মুরসি। ডিক্রিটিতে মুরবারকবিরোধী গণঅভ্যুত্থানের সময় মুবারক প্রশাসনের যে সব কর্মকর্তা সহিংসতার জন্য দায়ী ছিলেন তাদের বিচার পুনরায় শুরু করার বিধান রাখা হয়েছে।
কিন্তু এতে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ব্যাপক ক্ষমতা দিয়েছেন মুরসি। এতে বলা হয়েছে, নতুন পার্লামেন্টের জন্য অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে প্রেসিডেন্ট মুরসির নেওয়া সিদ্ধান্তে কোনো আইনগত আপত্তি তোলা যাবে না।
ডিক্রিতে মিশরের নুতন সংবিধান রচনারত ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টের নি¤œকক্ষের বিরুদ্ধেও আইনি আপত্তি তোলা যাবে না বলে ঘোষণা করা হয়। এতে পার্লামেন্টের উচ্চকক্ষের জন্যও একই বিধান ঘোষণা করা হয়। পার্লামেন্টের উভয়পক্ষে মুরসির ঘনিষ্ঠ ইসলামপন্থীদের আধিপত্য আছে।
এ ডিক্রিতে প্রাপ্ত নতুন ক্ষমতাবলে মুরসি মুবারক আমলের প্রধান আইনকর্মকর্তাকে বরখাস্ত করে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।
ডিক্রিটিকে আইনবিভাগের স্বাধীনতার ওপর “অপ্রত্যাশীত হামলা” বলে চিহ্নিত করেছে মিশরের সর্বোচ্চ বিচারিক পরিষদ ‘দ্যা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’।
ডিক্রিটি প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট মুরসির প্রতি আহ্বান জানিয়েছে ‘দ্যা জাজেস ক্লাব’।
“বিপ্লব রক্ষার জন্য” ডিক্রিটি জারি করা হয়েছে বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। ঘোষণার পরপরই মুরসির সমর্থকরা ডিক্রিটির প্রশংসা করে। কিন্তু এতে মিশরের উদারপন্থী রাজনৈতিকদলগুলো শঙ্কিত হয়ে পড়ে। তারা এ ডিক্রিকে মুসলিম ব্রাদারহুড ও এর মিত্রদের নতুন মিশরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে।
ডিক্রিটির প্রতিবাদে শুক্রবার মুরসি বিরোধীদের ডাকা দেশব্যাপী এক প্রতিবাদ দিবসে সৃষ্ট সহিংসতায় ৩শ’রও বেশি মানুষ আহত হয়। এ সময় মুরসির সমর্থক গোষ্ঠি মুসলিম ব্রাদারহুডের অন্তত তিনটি কার্যালয়েও হামলা চালায় প্রতিবাদকারীরা।
এতে মুবারকপূর্ববর্তী সময়ের মতো মিশরের রাজনৈতিক বিভেদ আবার তীব্র হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
