২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন ডিক্রির প্রতিবাদে সহিংসতা

ডিক্রি জারি করে মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির ব্যাপক ক্ষমতা অধিগ্রহণের প্রতিবাদে মিশরজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। কায়রোতে পুলিশের একটি ট্রাকও জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 11:19 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

ডিক্রি জারি করে মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসির ব্যাপক ক্ষমতা অধিগ্রহণের প্রতিবাদে মিশরজুড়ে প্রতিবাদ, বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। কায়রোতে পুলিশের একটি ট্রাকও জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

প্রেসিডেন্টের নতুন করে ক্ষমতা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির বিরোধীদলগুলো।

কায়রোর কেন্দ্রীয় অংশ তাহরির স্কয়ারে (স্বাধীনতা চত্বর) জড়ো হওয়া তরুণ প্রতিবাদকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর ছুঁড়ে মারে। তারা পুলিশের একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ তরুণদের লক্ষ করে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

‘শাসনতান্ত্রিক অভ্যুত্থান’ করার জন্য প্রেসিডেন্ট মুরসিকে অভিযুক্ত করে তার পদত্যাগ দাবি করে স্লোগান দেয় প্রতিবাদকারীরা।

মুরসি ডিক্রি প্রত্যাহার না করা পর্যন্ত অনেকেই তাহরির স্কয়ারে অবস্থান করবেন বলে জানিয়েছেন আহমেদ সালেহ নামের এক প্রতিবাদকারী। তিনি বলেন, “এটি মুরসির মৃত্যুকূপ। এই ডিক্রি জারির মাধ্যমে তিনি নিজেকে কূপের গভীরে নিয়ে গেছেন কিন্তু কীভাবে বের হতে হবে তা জানেন না।”

“জনতা স্বৈরাচারের পতন চায়,” মিশরের সাবেক স্বৈরাচারী প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলন চলার সময় ব্যবহৃত স্লোগান মুরসির বিরুদ্ধেও ব্যবহার করে প্রতিবাদকারীরা।

আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ ও সুয়েজের মতো মিশরের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতেও প্রতিবাদ সহিংসতায় রূপ নেয়।

কায়রোর উত্তরে আলেকজান্দ্রিয়ায় প্রতিবাদকারীরা মুসলিম ব্রাদারহুডের একটি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বইপত্র ও আসবাব রাস্তায় বের করে এনে আগুন ধরিয়ে দেয়।

শহরের আরেকটি এলাকায় প্রতিবাদকারীদের সঙ্গে মুরসি সমর্থকদের সংঘর্ষে ১২ জন আহত হয়।

পোর্ট সৈয়দে মুসলিম ব্রাদারহুডের কার্যালয় লক্ষ করে পাথর নিক্ষেপ করে প্রতিবাদকারীরা। সুয়েজে বিক্ষোভকারীরা পেট্রলবোমা ছুঁড়ে মারে ও সরকার পক্ষের ব্যানারে অগ্নিসংযোগ করে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট মুরসি একটি ডিক্রি জারি করে নতুন পার্লামেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তার নেওয়া সিদ্ধান্তকে আদালতের মাধ্যমেও চ্যালেঞ্জ করা যাবে না বলে ঘোষণা দেন।

এই ডিক্রি জারির সঙ্গে সঙ্গেই বিরোধীদলগুলো এর সমালোচনা করে মিশরের বিপ্লব ছিনতাই করার জন্য মুরসিকে অভিযুক্ত করে। এই ডিক্রির মাধ্যমে মুরসি নতুন মুবারকে পরিণত হচ্ছেন বলে মন্তব্য করে বিরোধী নেতারা।

মুরসির এই ডিক্রি জারিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।

প্রাচীন মিশরীয় স¤্রাট ফারাওদের মতো একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করে মুরসি তার ইসলামিক ভাবধারা মিশরের ওপর চাপিয়ে দিতে চাচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধীরা।

মুরসির সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণতান্ত্রিক উত্তরণে আইনি বাধা অতিক্রম করতেই প্রেসিডেন্ট ডিক্রিটি জারি করেছেন।

শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে একটি সমাবেশে মুরসি নিজেকে সব মিশরীয়র জন্য নিবেদিত বলে দাবি করেছেন। তিনি আরো দাবি করেন, তিনি বিপ্লবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আর মিশরের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছেন।