ওয়ারশ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে একদিকে ৩৬ ইঞ্চি ও অপরদিকে ৬০ ইঞ্চি প্রশস্ত একটি ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনটিকে ইউরোপের সবচেয়ে সরু আবাসিক ভবন বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি লেখক এডগার কেরেটের জন্য শৈল্পিক এই স্থাপনাটি বানিয়েছেন পোলিশ স্থপতি ইয়াকুব সেসনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী কর্তৃক নির্ধারিত ইহুদি এলাকা ‘ওয়ারশ ঘেত্তো’র পাশেই এই ভবনটি বসানো হয়েছে। এখানে একটি আবাসিক এলাকার দুটি ভবনের মাঝখানের সঙ্কির্ণ জায়গায় এই বিশেষ ভবনটি জায়গা নিয়েছে। ভবনটি সবচেয়ে প্রশস্ত পাশটি মাত্র ৬০ ইঞ্চি চওড়া।
কয়েকতলার এই বিশেষ ভবনটি সম্পর্কে নির্মাতা সেসনি বলেছেন, “এই ভবনটিতে রান্নঘর, বাথরুম, ঘুমানোর জায়গা ও কাজ করার জায়গাসহ বসবাসের সব ধরনের সুবিধা রয়েছে। তবে মই ব্যবহার করে এসব সুবিধা গ্রহণ করতে হবে।”
বছরে দুইবার ওয়ারস ভ্রমণকালে ভবনটি ব্যবহার করবেন বলে সংবাদ চ্যানেল টিভিএন২৪ কে জানিয়েছেন কেরেট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইহুদি নিধনে নিহত বাবা-মা ও পরিবারের স্মৃতিতে এই ভবন নির্মাণ করায় তিনি অভিভূত হয়েছেন বলেও জানিয়েছেন কেরেট।
ভবনটির নাম রাখা হয়েছে ‘পোল্যান্ডের কেরেট হাউস’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩৩৯ ঘ.
bdnews24