২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্ককে যুদ্ধবিরতির জন্য চাপ ব্রাহিমির

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সরকার বিরোধী বিদ্রোহীদের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি করার জন্য চাপ দিচ্ছেন জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

আম্মান, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সরকার বিরোধী বিদ্রোহীদের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি করার জন্য চাপ দিচ্ছেন জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমি। শনিবার দামেস্ক সফরকালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেমের সঙ্গে বৈঠকে ব্রাহিমি আগামী সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে যুদ্ধবিরতি করার আহ্বান জানান। সিরিয়ায় ১৯ মাসের রক্তক্ষয় বন্ধের চেষ্টায় এ যুদ্ধবিরতি চান ব্রাহিমি। যে সহিংসতায় সিরিয়ায় অন্তত ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। শুক্রবার নিহত হয়েছে ২২০ জনেরও বেশি মানুষ। মৌয়ালেমের সঙ্গে বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সিরিয়া এ পর্যন্ত সতর্কভাবে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে। আসাদ বাহিনী যুদ্ধবিরতি করলে বিদ্রোহীপক্ষেরও একইভাবে এতে সাড়া দেয়ার নিশ্চয়তা চেয়েছে সিরিয়া। ঈদের ছুটির দিনগুলোতে যুদ্ধবিরতি বহাল রাখার পক্ষে ব্রাহিমি। যা শুরু হবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু সব পক্ষকে ৩/৪ দিনের যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন। আসাদের অন্যতম বড় সমর্থক ইরানও এ আহ্বানে সমর্থন জানিয়েছে। তবে তারা বলেছে, সিরিয়ার মূল সমস্যা হল বিদেশি হস্তক্ষেপ। শুক্রবার দামেস্কে পৌঁছান ব্রাহিমি। এর পরপরই তিনি সাংবাদিকদের বলেন, “আমরা যুদ্ধবিরতি এবং সিরিয়া ইস্যু নিয়ে কথা বলব। সহিংসতা কমানোটা খুবই জরুরি। আমরা সিরিয়া ইস্যু নিয়ে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে কথা বলব।” এর আগে ব্রাহিমি বলেছিলেন, তিনি সিরীয় ভাইদের কাছে অনুরোধ জানিয়ে বলবেন, আপনারা সরকার পক্ষের বা বিপক্ষের যাই হোন, আগামী সপ্তাহে ঈদের তিন কী চারদিন যুদ্ধ বন্ধ রাখুন। “এটি সিরীয়দের কাছে একটি আবেদন, তারা যুদ্ধবন্ধ রেখে নিজেরাই এর তদারকি করুক। এটি কোনো রাজনৈতিক পদ্ধতি বা সিরিয়া সমস্যার কোনো প্রয়োজনীয় সমাধান নয়,” বলেন তিনি। এর আগে যুদ্ধবিরতির আরেক প্রচেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। এপ্রিলের ওই যুদ্ধবিরতি শুরুর কয়েকদিনের মধ্যেই আবার পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়। এজন্য সরকার পক্ষ থেকে বিদ্রোহীদের ও বিদ্রোহী পক্ষ থেকে সরকারকে দায়ী করা হয়েছিল। কয়েকমাসের মধ্যেই শান্তিদূত কফি আনান হতাশ হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। এবার ব্রাহিমির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিরীয় সরকার বলেছে, উভয়পক্ষকেই এই উদ্যোগ শ্রদ্ধার সঙ্গে নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৫৪ ঘ.