২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ফিলিস্তিন-সমর্থক মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী একটি জাহাজ আটক করেছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

জেরুজালেম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবরুদ্ধ গাজা উপত্যকা অভিমুখী ফিলিস্তিন-সমর্থক মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী একটি জাহাজ আটক করেছে ইসরায়েল। শনিবার গাজা ঊপকূল থেকে মাত্র ৩০ নটিক্যাল মাইল দূরে ভূমধ্যসাগরে ফিনল্যান্ডের পতাকাবাহী এসভি এস্টেলে নামের ওই জাহাজটি আটক করা হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, নৌ সেনারা এসভি এস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ইসরায়েলি বন্দর আশদোদে নোঙর করিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার দিকে না যেতে ইসরায়েলি নির্দেশ অমান্য করায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কানাডা, ইসরায়েল ও ইউরোপের কয়েকটি দেশের ৩০ জন ফিলিস্তিন-সমর্থক মানবাধিকার কর্মীকে নিয়ে গত ৭ অক্টোবর ইতালির ন্যাপলস বন্দর থেকে গাজা অভিমুখে যাত্রা করে এসভি এস্টেলে। এই জাহাজে সিমেন্ট, শিশুদের বই ও চিকিৎসা সরঞ্জামের মত কিছু দ্রব্য গাজাবাসীর জন্য নেয়া হচ্ছিল। ২০০৭ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ফিলিস্তিনের এই অংশের ওপর নৌ অবরোধ জারি রেখেছে ইসরায়েল। এর আগে ২০১০ সালের মে মাসে ইসরায়েলি অবরোধ ভেঙে গাজা যাওয়ার পথে কয়েকটি জাহাজ আটক করে ইসরায়েল। তখন মাভি মারমারা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনাদের অভিযানে তুরস্কের নয় নাগরিক নিহত হয়। ওই ঘটনায় জাতিসংঘের এক তদন্তে ইসরায়েলি নৌ সেনাদের অহেতুক বল প্রয়োগের তথ্য বেরিয়ে আসে। ২০১০ সালে ওই হতাহতের পর গাজার ওপর নৌ অবরোধ শিথিলের জন্য আন্তর্জাতিক মহল সোচ্চার হলেও তাতে কান দেয়নি ইসরায়েল। হামাসের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ করতে গাজার ওপর এই অবরোধ রাখা হয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯০৮ ঘ.