কুয়েত, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচন পদ্ধতির ‘দুর্বলতা’ দূর করার জন্য নির্বাচন পদ্ধতির আংশিক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন কুয়েতের আমির। আমিরের এই আদেশের প্রতিবাদে নির্বাচন বর্জন করার হুমকি দিয়েছে বিরোধীদলগুলো।
শুক্রবার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ওই নির্দেশের কথা জানান আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা।
রাজনৈতিক অস্থিরতার মুখে আগাম নির্বাচনের লক্ষ্যে গত সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করেন শেখ সাবা। নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতা দূর হওয়ার আশা করা হচ্ছে।
কিন্তু আমিরের এই সংস্কার উদ্যোগে উদ্বিগ্ন বিরোধীদলগুলো। তাদের সন্দেহ নির্বাচন পদ্ধতির এই পরিবর্তন সরকার সমর্থক প্রার্থীদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে।
গত ফেব্র“য়ারিতে সর্বশেষ জরিপে আভাস পাওয়া গেছে আসছে নির্বাচনে পার্লামেন্টের বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে সরকারবিরোধীরা।
“নির্বাচন পদ্ধতির আংশিক পরিবর্তনের জন্য আমি সরকারকে একটি খসড়া আইন করার নির্দেশনা দিয়েছি। গণতান্ত্রিক রীতি শক্তিশালী করা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই নির্দেশ জারি করা হয়েছে,” জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন শেখ সাবা।
কুয়েতের সাংবিধানিক আদালতের এক আদেশে নির্বাচন পদ্ধতির প্রয়োজনীয় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে বলে ভাষণে উল্লেখ করেন তিনি। তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো কী কী সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আমিরের এই ঘোষণার সমালোচনা করে কুয়েতের বিরোধী দলগুলো জানিয়েছে, নির্বাচন বয়কট করার সম্ভাবনা জোরদার হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৩ ঘ.
bdnews24