ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা হলে অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে ভাঙচুর করেছে উগ্রবাদীরা। এতে দেশটির রুগ্ন চলচ্চিত্র শিল্প আরো নাজুক পরিস্থিতির মুখোমুখি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর। কিন্তু তার ক্ষত এখনো দগদগে ঘায়ের মতো দৃশ্যমান। সিনেমা হলগুলোতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি ব্যাপক লুটপাটও চালিয়েছে ইসলামধর্মীয় উগ্রবাদীরা।
দেশটির ৬৫ বছরের চলচ্চিত্রের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে জঘণ্য সরাসরি হামলা বলে বিবেচনা করা হচ্ছে বলে দ্য ডন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পাকিস্তানের রক্ষণশীল উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারসহ অন্যান্য কসমোপলিটান শহরের ৯টিরও বেশি সিনেমা হলে হামলা চালানো হয়। এতে পাকিস্তানের মুমুর্ষু চলচ্চিত্র শিল্পের অবস্থা আরো নাজুক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উগ্রবাদীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া নিশাত নামের একটি সিনেমা হলের ম্যানেজার নওয়াব হুজরুল হাসান আক্ষেপ করে বলেন, “আমরা আমাদের প্রিয় নবীকে নিয়ে ওই বিরক্তিকর চলচ্চিত্র তৈরি করিনি। অন্যদের মতো আমরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাই কেন আমাদের সিনেমা হলে লুটপাট চালানো হবে, ধ্বংস করে দেওয়া হবে, শত শত মানুষ কর্মহীন হবে?”
১ হাজার আসন বিশিষ্ট ওই সিনেমা হলটি একটি ধ্বংসস্তুূপে পরিণত হয়েছে। ধাতবনির্মিত আসনগুলো পুড়ে বাঁকাচোরা হয়ে গেছে। প্রক্ষেপণ কক্ষটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গ্যালারিটি যেকোনো সময় ভেঙ্গে নিচে পড়ে যেতে পারে। আগুনে হলটির অপূর্ব কারুকার্যময় সিলিংটি ধ্বংস হয়ে গেছে। দেয়ালগুলো পুড়ে কালো হয়ে গেছে।
এমন কী সদ্যনির্মিত প্রক্ষালণ কক্ষগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পানির কলগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। আয়না-দরজাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে।
সিনেমা হলের শ্রমিকরা তাই ২১ সেপ্টেম্বরের হামলাকে দেশটির চলচ্চিত্রের ইতিহাসে ভয়াবহতম দিন বলে আখ্যা দিয়েছেন।
‘দেশটির চলচ্চিত্র শিল্প তার রুগ্ন অবস্থা থেকে সবে একটু একটু করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। ঠিক এমন সময় এই ভয়াবহ আঘাতটি এলো’, বলেন ১৯৮০’র দশকে পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মুস্তাফা কুরেশি।
১৯৭৭ সালে রক্তপাতহীন এক সেনা অভ্যুত্থানের মধ্যদিয়ে যখন জেনারেল জিয়াউল হক পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করলেন তখন দেশটিতে প্রায় ১ হাজার সিনেমা হল থাকলেও বর্তমানে শতাধিক সিনেমা হল কোনোভাবে টিকে রয়েছে।
জিয়াকে পাকিস্তানের অসা¤প্রদায়িক বিনোদনের প্রতি অসহিষ্ণুতার মূল প্রবর্তক বলে মনে করা হয়।
প্রামাণ্যচিত্র নির্মাতা তারিক খালিক বলেন, “জেনারেল জিয়ার শাসনামলে সিনেমায় একজন পিতা তার মেয়েকে øেহের আলিঙ্গন দিলেও তা কর্তনের নির্দেশ দিয়েছিলেন।”
তিনি আরো বলেন, “জিয়ার নীতি মানুষকে সিনেমা হলে যেতে নিরুৎসাহিত করেছিল। পাশাপাশি তিনি সিনেমা হল ভেঙ্গে বিপণন কেন্দ্র নির্মাণে সুবিধা প্রদান করেছিলেন।”
ভারতীয় চলচ্চিত্র ১৯৬৫ সালে পাকিস্তানে আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ২০০৯ সালে দেশটির নতুন নির্বাচিত বেসামরিক সরকার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আর চলচ্চিত্র সংশ্লিষ্টরাও আশায় বুক বেঁধেছিলেন, তাদের শিল্পের ভবিষ্যৎ অবশ্যই উন্নতির দিকে যাবে।
কিন্তু এখন সে বিষয়টি প্রশ্নের মুখোমুখি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৬ ঘ.
bdnews24